মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে চীনের সহায়তা কামনা করেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, চীনের প্রেসিডেন্ট–এর সঙ্গে বেইজিংয়ে তাঁর আসন্ন বৈঠকের আগেই এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ দেখতে চান তিনি।
ফাইন্যান্সিয়ালটাইমস–কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চীন তাদের প্রায় ৯০ শতাংশ তেল সংগ্রহের জন্য হরমুজ প্রণালীর উপর নির্ভর করে। তাই এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ আবার স্বাভাবিকভাবে চালু করতে চীনের উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।
জানা গেছে, চলতি মার্চ মাসের শেষ দিকে চীনের রাজধানী বেজিং–এ ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, বৈঠকের আগেই যদি এই বিষয়ে কোনও অগ্রগতি না হয়, তাহলে তাঁর এই সফর পিছিয়েও যেতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের কাছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করার আহ্বান এমন এক সময়ে এসেছে, যখন তেহরানের সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশ্লেষকদের মতে, সেই কারণে নিজেদের তেলবাহী জাহাজ পার করাতে চীনের হয়তো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাদা করে কোনও জোটের প্রয়োজন নাও হতে পারে।