ভোটের মুখে রাজ্য পুলিশের শীর্ষ স্তরে বড় রদবদল করল নির্বাচন কমিশন। ভোট ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব বদলের পর এ বার কলকাতার পুলিশ প্রধান এবং রাজ্য পুলিশের মহাপরিচালক পদেও পরিবর্তন আনা হয়েছে।
কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সুপ্রতিম সরকারকে। তাঁর জায়গায় নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন অজয়কুমার নন্দা।
অন্যদিকে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক ও মহাপরিদর্শক পদে পীযূষ পাণ্ডের পরিবর্তে দায়িত্ব পেলেন সিদ্ধিনাথ গুপ্তা।
একই সঙ্গে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা অতিরিক্ত মহাপরিচালক বিনীত গোয়েলকেও সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় আসছেন অজয় মুকুন্দ রানাডে। এছাড়া কারা দপ্তরের মহাপরিচালক পদে দায়িত্ব পেলেন নটরাজন রমেশবাবু।
নির্বাচন কমিশন জানিয়েছে, সোমবার দুপুর তিনটার মধ্যে নতুন পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের মহাপরিচালককে দায়িত্ব গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, রবিবার দিল্লি থেকে ভোটের দিনক্ষণ ঘোষণা করার সময় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, আইনশৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ ও হিংসামুক্ত ভোট গ্রহণ নিশ্চিত করাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য।
ভোট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মিনাকে সরিয়ে তাঁদের জায়গায় দুষ্মন্ত নারিওয়াল ও সঙ্ঘমিত্রা ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে।