পুবের কলম ওয়েব ডেস্কঃ নয়া রূপে ফিরে এসেছে কোভিড-১৯। তাই কেন্দ্র এর সংক্রমণ রুখতে কোনও পদক্ষেপ গ্রহণে কসুর করছে না। অন্যান্য বিধিনিষেধের সঙ্গে সঙ্গে ‘এয়ার সুবিধা’ ফর্ম ফের পূরণ করার নির্দেশ জারি করা হয়েছে। সফরের ৭২ ঘণ্টা আগে করতে হবে আরটি-পিসিআর টেস্ট।

এর সঙ্গে লাগবে সবক’টি ভ্যাকসিন ডোজ নেওয়ার প্রমাণপত্র।
চিন ও অন্য দেশ (যেখানে কোভিড কেস বেড়েছে) থেকে আসা আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের জন্য এই নিয়ম পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে বিদেশ থেকে আসা যাত্রীদের মধ্যে র‌্যানডম আরটিপিসিআর স্যাম্পলিংও শুরু হয়েছে। এখনও পর্যন্ত বিদেশ থেকে আগত ২ শতাংশের এই পরীক্ষা হয়েছে।

চিনসহ অন্যান্য দেশ থেকে আসা বিদেশিদের কাছে যাত্রার ৭২ ঘণ্টা আগে করা আরটি-পিসিআর রিপোর্ট চাওয়া হচ্ছে। ভ্যাকসিনেশনের সবক’টি ডোজ দেওয়া হয়েছে কি না তার সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে বিদেশ থেকে আসা সফরকারীদের।