পুবের কলম ওয়েবডেস্কঃ ইরান-ইসরাইল সংঘাতের আবহে অনুষ্ঠিত হতে চলেছে চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় পুরস্কার অস্কার। আর মাত্র কয়েক ঘণ্টা পর অস্কারের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরের ঐতিহাসিক ডলবি থিয়েটারে। তবে এবারের অস্কারকে ঘিরে বড় অংশ জুড়ে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি এবং বিশেষ করে ইরান-ইসরাইল সংঘাতের প্রেক্ষাপটে অনুষ্ঠানস্থলের নিরাপত্তা ঘিরে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

 

কখন সম্প্রচারিত হবে অস্কারের অনুষ্ঠান? 

৯৮ তম অস্কার সম্প্রচারিত হবে ভারতীয় সময় ১৬ মার্চ অর্থাৎ সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ। ভারতীয়রা অনুষ্ঠান দেখতে পাবেন স্টার মুভিজ, স্টার মুভিজ সিলেক্ট এবং কালার ইনফিনিটি চ্যানেলে। এবারের অনুষ্ঠানের সঞ্চালনায় থাকছেন মার্কিন কমেডিয়ান কোনান ও'ব্রায়েন।

একই সঙ্গে, মঞ্চে উপস্থাপকের ভূমিকায় দেখা যেতে পারে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়াকেও। ফলে অস্কারের মঞ্চে ভারতের উপস্থিতি ঘিরে আগ্রহ তুঙ্গে।

এদিকে, ইরান-ইসরাইল যুদ্ধ ঘিরে মার্কিন তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন আগেভাগেই ক্যালিফোর্নিয়ার উপকূল ঘেঁষা এলাকায় সম্ভাব্য ড্রোন হামলার হুমকি নিয়ে সতর্কবার্তা জারি করেছে। সেই কারণেই অস্কার অনুষ্ঠানের ভেন্যু এবং আশপাশের এলাকা কার্যত কড়া নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য তারকা, নির্মাতা ও অতিথি উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। তাই সম্ভাব্য যে কোনও নিরাপত্তা ঝুঁকি এড়াতে পুলিশ, ফেডারেল সংস্থা এবং নিরাপত্তা বাহিনী যৌথভাবে নজরদারি জোরদার করেছে।

অন্যাদিকে, আন্তর্জাতিক রাজনীতির প্রভাবও পড়েছে এবারের অস্কার ঘিরে। ফিলিস্তিনি অভিনেতা মোতাজ মালহীস মনোনয়ন পাওয়ার পরেও যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি বলে জানা গেছে। ফলে অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না তিনি। সব মিলিয়ে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই মঞ্চে একদিকে যেমন তারকাদের সমাবেশ, তেমনি যুদ্ধ পরিস্থিতির ছায়ায় নিরাপত্তা ব্যবস্থাও এবারে বিশেষ গুরুত্ব।