পুবের কলম ওয়েবডেস্ক:   বছরের শেষ মাসে ঠাসা কর্মসূচী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হতে পারে বৈঠক। এরপর মেঘালয়ে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। যদিও এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি, তবুও মমতা যেতে পারেন এই সম্ভাবনাকে মাথায় রেখেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।

পাখির চোখ ২০২৩ এর নির্বাচন।

বৃস্পতিবারেই দুদিনের সফরে মেঘালয় গিয়েছিলেন তৃণমূলের  সর্বভারতীয়  সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুরায় দলীয় কার্যালয়ের উদ্বোধনের পাশাপাশি পশ্চিম গারো পাহাড়ে একটি জনসভাও করেন তিনি। সেই জনসভার ভিড় দেখেই এবার উত্তর –পূর্বাঞ্চলের তৃণমূল নেতাদের আবেদন এবার দলনেত্রী নিজে আসুন মেঘালয়ে। সেখানে সভা করুণ।

আঞ্চলিক দলের গন্ডী ছাড়িয়ে এবার সর্বভারতীয় রাজনৈতিক দল হিসাবে নিজের অস্তিত্ব প্রমাণ করতে মরীয়া জোড়াফুল শিবির।

এর আগেও গোয়াতেও লড়াই করেছে তৃণমূল। এবার পাখির চোখ হচ্ছে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি।

খুব সম্ভবত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মুখ্যমন্ত্রী যেতে পারেন মেঘালয়ে। সেখানে তিনি একটি সভাও করতে পারেন। আপাতত  তার জন্য প্রস্তুতি চলছে জোরকদমে।

ইতিমধ্যেই কংগ্রেস ছেড়ে ১২ জন বিধায়ক জোড়াফুল শিবিরে  যোগ দেওয়ায় মেঘালয়তে এখন প্রধান বিরোধী দল  তৃণমূল। তাই মেঘালয় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়  কি বার্তা দেন এখন সেটাই  দেখার।