পুবের কলম প্রতিবেদক, মোথাবাড়ি:  ১০০ দিনের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠলো। কাটমানি ও সরকারি এক আধিকারিককে হুমকি দেওয়ার অপরাধে এক যুবককে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ। কালিয়াচক-‌২ ব্লকের বিডিও রামল সিং বিরদির অভিযোগের ভিত্তিতে ওই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃত যুবকের নাম সহিদুর শেখ।

 ঘটনাটি কালিয়াচক-‌২ ব্লকের পঞ্চানন্দপুর-‌১ গ্রাম পঞ্চায়েত এলাকার। সংশ্লিষ্ট পঞ্চানন্দপুর বাঁধ কলোনি এলাকায় ১০০ দিনে কাজে বন্যা প্রতিরোধের কাজ চলছে। রবিবার কাজের নজরদারিতে ছিলেন দুই পঞ্চায়েত সদস্য সাদ্দাম সেখ, আশা মন্ডল এবং ১০০ দিনের কাজের সুপার ভাইজার ইমরান শেখ। অভিযোগ কাটমানি না দেওয়ায় সহিদুর কাজে বাধা দেয় এবং সুপার ভাইজার ইমরান শেখকে কাজ বন্ধের জন্য হুমকি দেয়।
 এই ঘটনার প্রতিকার চেয়ে প্রধান রিজিয়া বিবি গোটা বিষয়টি লিখিতভাবে বিডিওর কাছে জানান। 

মোথাবাড়ি থানার ওসি মৃণাল চ্যাটার্জি জানান, ‘‌প্রধান ও বিডিওর অভিযোগের পরিপ্রেক্ষিতে সহিদুরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হুমকি ও কাটমানি চাওয়ার অভিযোগ উঠেছে।’‌ 

ধৃত সইদুল শেখ জানান, ‘‌পঞ্চানন্দপুরে ১০০ দিনের কাজ নিয়ে একাধিক অভিযোগ রয়েছে।

 আমি শুধু প্রতিবাদ করেছিলাম। কোনও হুমকি, কাটমানি চাই নি। মিথ্যে অভিযোগ আনা হচ্ছে।’‌ বিডিও রামল সিং বিরদি জানান, ‘‌১০০ দিনের কাজের একাধিক অভিযোগ করেছেন সহিদুল শেখ। আমি তার সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছি। শীঘ্রই তার সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে। তা সত্ত্বেও কাজে বাধা, কাজ বন্ধের হুমকি ও কাটমানি চাওয়ার অভিযোগ উঠেছে।’‌