পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ভারত-বিরোধী মনোভাব ক্রমশ তীব্র হয়ে ওঠায় গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত। নিরাপত্তাজনিত আশঙ্কার প্রেক্ষিতে ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, এই পরিস্থিতির প্রতিবাদ জানাতে বুধবার দুপুরে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে বিদেশ মন্ত্রকে তলব করে কড়া ভাষায় আপত্তি জানিয়েছে ভারত।

বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, মৌলবাদী শক্তির উস্কানিতে বাংলাদেশে ভারত-বিরোধী প্রচার বেড়েছে।
অভিযোগ, মহম্মদইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে সেই প্রবণতা আরও ইন্ধন পাচ্ছে। প্রচারের আলোয় থাকার উদ্দেশ্যে একাংশের রাজনৈতিক নেতা নিয়মিতভাবে দুই দেশের সম্পর্কের মধ্যে বিষ ঢালছেন বলেও মনে করছে নয়াদিল্লি।

এরই মধ্যে বুধবার বিকেলে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন-এর উদ্দেশে ‘মার্চ টু হাইকমিশন’-এর ডাক দিয়েছে তথাকথিত ‘জুলাই যোদ্ধা’রা। এই কর্মসূচিকে ঘিরেই ভারতীয় কূটনৈতিক ও নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

এই পরিস্থিতিতে ভারত সরকার জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুর দু’টো থেকে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ থাকবে। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেন্দ্রটি বন্ধই থাকবে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকায় চরম অস্থিরতার মধ্যে ভারতীয় হাইকমিশন থেকে বহু কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে আনা হয়। বর্তমানে সেখানে কেবলমাত্র জরুরি কর্মীরাই দায়িত্বে রয়েছেন। এরপর থেকেই ভারত–বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে ধারাবাহিক উত্থান-পতন চলছেই।