পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্য জুড়ে রান্নার গ্যাসের জোগান নিয়ে সমস্যা ক্রমেই বাড়ছে। অভিযোগ, গ্যাস বুক করার পরেও বহু ক্ষেত্রে সিলিন্ডার মিলছে না। কোথাও আবার বুকিং করতেই সমস্যার মুখে পড়ছেন সাধারণ মানুষ। এই সঙ্কটের প্রভাব পড়েছে সুন্দরবনের মৎস্যজীবীদের উপরেও। গ্যাসের অভাবে ট্রলার নিয়ে সমুদ্রে যেতে পারছেন না তাঁরা, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছ ধরার ব্যবসা। একই সঙ্গে বিভিন্ন জায়গায় বাণিজ্যিক গ্যাসের কালোবাজারির অভিযোগও উঠছে। সিলিন্ডার না পাওয়ায় একাধিক এলাকায় মা ক্যান্টিন বন্ধ রাখতে হয়েছে বলে খবর। অনেক স্কুলে মধ্যাহ্নভোজ রান্না করতে হচ্ছে কাঠের উনুনে। এই পরিস্থিতির প্রতিবাদে শুক্রবার সংসদের বাইরে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কংগ্রেস।
সকাল থেকেই দলটির মহিলা সাংসদেরা লোকসভার বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভে উপস্থিত ছিলেন মহুয়া মৈত্র, মিতালী বাগ, জুন মালিয়া, দোলা সেন, শতাব্দী রায় এবং মালা রায়।বিক্ষোভে মিতালী বাগ বলেন, হঠাৎ করে গ্যাসের জোগান কমে যাওয়ায় সাধারণ মানুষের হেঁশেলে নাভিশ্বাস উঠেছে। মধ্যাহ্নভোজ থেকে শুরু করে বাড়ির রান্না—সব ক্ষেত্রেই সমস্যার মুখে পড়তে হচ্ছে। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত না থাকায় তাঁদের সংসদের বাইরে প্রতিবাদে নামতে হয়েছে। অন্যদিকে মহুয়া মৈত্র কেন্দ্রের দাবি নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, সরকার বলছে বুকিংয়ের আড়াই দিনের মধ্যেই সিলিন্ডার পাওয়া যাবে, কিন্তু বাস্তবে আট থেকে দশ দিন অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না মানুষ। তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের বাড়ি বাড়ি গিয়ে বাস্তব পরিস্থিতি দেখার চ্যালেঞ্জ জানান।
এলপিজি সঙ্কটের প্রভাব পড়েছে সুন্দরবনের মৎস্যজীবীদের উপরেও। ওই অঞ্চলের বেশির ভাগ ট্রলারেই রান্নার জন্য বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয়। কিন্তু বর্তমানে সেই জোগান কমে যাওয়ায় চড়া দাম দিলেও গ্যাস পাওয়া যাচ্ছে না। ফলে অনেক ট্রলার সমুদ্রে যেতে পারছে না। মৎস্যজীবী রতন দাস জানান, সিলিন্ডার না থাকায় তাঁদের ট্রলার নির্ধারিত সময়ে সমুদ্রে বেরোতে পারেনি। বসিরহাট পুর এলাকার পুরাতন বাজারে গ্যাসের অভাবে টানা তিন দিন ধরে মা ক্যান্টিন বন্ধ রয়েছে। প্রতিদিন তিন শতাধিক মানুষ এখান থেকে খাবার সংগ্রহ করেন। একই সঙ্গে বিভিন্ন সরকারি স্কুলেও মধ্যাহ্নভোজ রান্নার জন্য কাঠের উনুন ব্যবহার করতে হচ্ছে।
এদিকে বিভিন্ন জায়গায় গ্যাসের কালোবাজারির অভিযোগও উঠেছে। জয়নগরে প্রকাশ্যে সিলিন্ডার থেকে অটোতে অবৈধভাবে গ্যাস ভরার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। নদিয়া জেলায় দ্বিগুণ দামে রান্নার গ্যাস বিক্রির অভিযোগও সামনে এসেছে। আবার বাঁকুড়ার বিষ্ণুপুরে একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার গুদামে গিয়েও অনেক মানুষ সিলিন্ডার পাননি বলে অভিযোগ করেছেন। এই পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাব বিশ্বজুড়ে পড়েছে এবং সেই কারণেই কিছু সমস্যা দেখা দিচ্ছে। তবে সরকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বলেও জানান তিনি। পাশাপাশি রাজ্য সরকারগুলিকে গ্যাসের কালোবাজারি রুখতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এর মধ্যেই কলকাতায় গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর হয়েছে প্রশাসন। গ্যাস সরবরাহ সংস্থাগুলিতে গিয়ে মজুত পরিস্থিতি খতিয়ে দেখছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।