পুবের কলম,ওয়েবডেস্ক: প্যারাস্যুট থেকে পড়ে মৃত্যু হল বায়ুসেনার এক জওয়ানের। বুধবার সকালে বাঁকুড়ার বড়জোড়ায় প্যারাস্যুটে বাঁধা অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়। এই রহস্য মৃত্যু নিয়ে সাতসকালে উত্তেজনা ছড়ায় এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ঘুটগড়িয়া এলাকার একটি কারখানার সামনে আহত অবস্থায় ওই সেনা কর্মীকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
ওই সেনা কর্মীর পাশেই পড়ে ছিল প্যারাসুট। খবর পেয়ে বড়জোড়া থানার পুলিশ ওই সেনা কর্মীকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।

জানা গিয়েছে, ওই জওয়ানের নাম চন্দ্রকা গোবিন্দ (২৯)। তিনি পশ্চিম বর্ধমানের পানাগড়ের বায়ু সেনার ছাউনি থেকে প্যারাস্যুটে চেপে বেরিয়েছিলেন।
বুধবার বড়জোড়ার ঘুটগড়িয়ায় একটি কারখানার পিছন থেকে তাঁর দেহ উদ্ধার হয়। মনে করা হচ্ছে, মাঝ আকাশেই কোনও দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বড়জোড়া থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সক সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ওই বায়ুসেনার কর্মীর কোনও হেলিকপ্টারে বিভ্রাটের জন্য প্যারাসুটে নামার চেষ্টা করছিলেন, নাকি, তিনি কোনও অভিযানে ছিলেন, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ওই বায়ুসেনা কর্মীর নাম পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।