পুবের কলম, ওয়েবডেস্ক: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বিএসএফের নজর এড়িয়ে গত ১০ বছরে কত অনুপ্রবেশ হয়েছে। কেন্দ্রের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি অনুপ্রবেশ চেষ্টা হয়েছে বাংলাদেশ সীমান্ত থেকে। পিছিয়ে নেই পাকিস্তান, মায়ানমার, নেপাল এবং ভুটান। অনুপ্রবেশের জেরে নিরাপত্তাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন প্রায় ২৪ হাজার জন।

পশ্চিমবঙ্গ দিয়ে বহু অনুপ্রবেশকারী দেশে প্রবেশ করেছে বলে বার বার অভিযোগ করে আসছে গেরুয়া শিবির।
এমত অবস্থায় ২০১৪ সাল থেকে দেশে অনুপ্রবেশের সংখ্যা কত, তা জানতে কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এবং শর্মিলা সরকার। তাঁদের প্রশ্নের ভিত্তিতে বিভিন্ন দেশ থেকে অনুপ্রবেশের নির্দিষ্ট পরিসংখ্যান জানাল অমিত শাহের মন্ত্রক। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত চিন সীমান্ত থেকে কোনও অনুপ্রবেশ ঘটেনি। তবে অনুপ্রবেশ হয়েছে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান মায়ানমার থেকে। এখনও পর্যন্ত অনুপ্রবেশের অভিযোগে মোট গ্রেফতার হয়েছেন ২৩ হাজার ৯২৬ জন।
চলতি বছরে জানুয়ারি মাস থেকে নভেম্বর মাসের মধ্যে এই সীমান্তগুলো থেকে ৩,১২০ জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তে ২,৫৫৬ জন, ভারত-মিয়ানমার সীমান্তে ৪৩৭ জন, ভারত-পাকিস্তান সীমান্তে ৪৯ এবং ভারত-নেপাল-ভুটান সীমান্তে ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথ্য দিয়ে জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে সর্বোচ্চ ১৮,৮৫১ জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। ভারত-মিয়ানমার সীমান্তে ১,১৬৫ জন, ভারত-পাকিস্তান সীমান্তে ৫৫৬ জন এবং ভারত-নেপাল, ভুটান সীমান্তে ২৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শাহের মন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারত-বাংলাদেশ সীমান্তে সবচেয়ে বেশি অনুপ্রবেশকারীকে আটক বা গ্রেফতার করা হয়েছে। এর পরেই রয়েছে মিয়ানমার, পাকিস্তান এবং নেপাল-ভুটান সীমান্ত। তবে ২০১৪ সাল থেকে ভারত-চিন সীমান্তে কোনও অনুপ্রবেশের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার।