পুবের কলম ওয়েব ডেস্কঃ ১১ বছরের নাবালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগে ৮০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। ঘটনাটি ঘটেছে কেরলের মালাপ্পুরাম এলাকায়।

 

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই যুবকের নাম নউফল। তিনি কেরলের থানিপ্পারা জেলার কাঠকাঞ্চেরি এলাকার বাসিন্দা।
ধৃত যুবকের সাজা ঘোষণা করেছে মঞ্জেরির পকসো আদালত।  শনিবার ধৃতকে আদালতে তোলা হলে এই নির্দেশ দেয় আদালত। ভারতীয় দণ্ডবিধির  ৪৪৯, ৩৬৬, ৩৭৬ (এবি), ৩৭৬ (২) (এন) ও পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছিল।  কারাদণ্ডের পাশাপাশি তিন লক্ষ টাকা জরিমানা দিতেও নির্দেশ দেয় সংশ্লিষ্ট আদালত।

 

উল্লেখ্য, অভিযুক্তের বিরুদ্ধে কিশোরীর বাড়িতে ঢুকে তাঁকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠেছে। এছাড়াও ২০২১ সালের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে একাধিকবার যৌন হেনস্থার অভিযোগও দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তার পরই পাকড়াও করা হয় যুবককে।