পুবের কলম ওয়েবডেস্ক: ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর লখিমপুর কাণ্ডের অন্যতম অভিযুক্ত আশিস মিশ্র ওরফে মনু ভাইয়াকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। শনিবার সকাল ১১টা নাগাদ উত্তরপ্রদেশ পুলিশের অপরাধদমনকারী শাখার আধিকারিকদের সামনে হাজিরা দেন তিনি। তাঁর বয়ানের সপক্ষে প্রমাণ হিসেবে ভিডিও এবং ১০ জনের এফিডেভিট জমা দেন লখিমপুর সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত আশিস।
উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, টানা জেরায় একাধিক অসঙ্গতি মিলেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র এবং উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্য একটি অনুষ্ঠানে যোগ দিতে রবিবার লখিমপুর যান৷ তাঁদের আসার আগে কৃষকরা সেখানে জমায়েত শুরু করেন৷ আন্দোলনকারীরা কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করা ছাড়াও মন্ত্রীদের কালো পতাকা দেখাতে চেয়েছিলেন৷ সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ের একটি গাড়ি কৃষকদের উপর দিয়ে চলে যায়৷ তাতে কয়েক জন কৃষকের মৃত্যু হয়।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন যে কারও সাথে অন্যায় হবে না এবং কোনও ধরণের চাপে বা প্রমাণ ছাড়া কোনও ব্যবস্থা নেওয়া হবে না। সুপ্রিম কোর্ট এই বিষয়ে একটি জনস্বার্থ মামলার শুনানি করার একদিন পরেই বলেছিল যে, বিষয়টি সমাধানের জন্য ইউপি সরকার যে পদক্ষেপ নিয়েছে তাতে শীর্ষকোর্ট সন্তুষ্ট নয়।
পরিস্থিতি যে দিকে বাঁক নিয়েছিল, তাতে মন্ত্রী পুত্রকে গ্রেফতার করা ছাড়া উপায় ছিল না। বরং মন্ত্রীপুত্র গ্রেফতারের ওপর বিষয়টির ওপর জল ঢালার চেষ্টা রাজনৈতিকভাবে বিজেপির জন্য অনেক সহজ হবে।