পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপি শাসিত রাজ্যগুলিতে এসআইআর আবহে একের পর এক বিএলও মৃত্যু। ফের যোগী রাজ্যে সুইসাইড নোট লিখে আত্মঘাতী হলেন এক বিএলও। অভিযোগ, অতিরিক্ত কাজের চাপ নিতে না পারায় তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সর্বেশ সিং (৪৬)। ভগতপুর তান্ডা গ্রামের একটি স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

৭ অক্টোবর তাকে বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছিল। এই প্রথম তিনি বিএলও হিসেবে কাজের দায়িত্ব পান। রবিবার পুলিশ জানিয়েছে, ছেচল্লিশ বছর বয়সী একজন বুথ-লেভেল অফিসার (বিএলও) কাজের চাপের কারণে বাহেরি গ্রামে তার বাড়ির স্টোরেজ রুম থেকে দেহ উদ্ধার করা হয়েছে। ভোর ৪ টার দিকে সর্বেশের স্ত্রী বাবলি দেখতে পান যে তাঁর স্বামীর দেহ স্টোরেজ রুমে পড়ে রয়েছে।

সূত্রের খবর, মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে গেছেন তিনি।
তাতে আত্মঘাতী বিএলও লেখেন, অতিরিক্ত কাজের চাপে তার দম বন্ধ হয়ে আসছিল। তাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল তার জন্য পর্যাপ্ত সময় ছিল না। সার্কেল অফিসার (ঠাকুরদ্বার) আশিস প্রতাপ সিং জানিয়েছেন, "বিএলও সর্বেশ সিং আত্মহত্যা করেছেন এবং একটি সুইসাইড নোট রেখে গেছেন। তাতে তিনি বিএলও কাজ করে উঠতে পারছিলেন না বলে উল্লেখ করেছেন। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
"

অন্যদিকে বিজেপি শাসিত রাজস্থানেও এক বিএলওর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, শনিবার এসআইআর-এর কাজ শেষ করে বাড়ি ফেরেন বিয়াল্লিশ বছর বয়সী অনুজ গর্গ। ঢোলপুরে তার বাড়িতে হঠাৎ সজ্ঞাহীন হয়ে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভিযোগ, গভীর রাত পর্যন্ত ভোটারদের তথ্য আপলোড করতে গিয়ে ভেঙে পড়েছিলেন অনুজ। তিনি চরম চাপের মধ্যে কাজ করছিলেন।