পুবের কলম, ওয়েবডেস্ক: আধা-স্বায়ত্তশাসিত ডেনিশ অঞ্চল গ্রিনল্যান্ডকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপের হুমকিকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানাল ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ। গ্রিনল্যান্ড দখলের পথে যারা বাধা দেবে, তাদের ওপর শুল্ক আরোপের যে হুঁশিয়ারি ট্রাম্প দিয়েছেন, তাকে ‘অগ্রহণযোগ্য’ ও বিপজ্জনক আখ্যা দিয়েছেন ইউরোপীয় নেতারা।

রোববার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্যের নেতারা স্পষ্টভাবে বলেন, এই ধরনের হুমকি ট্রান্সআটলান্টিক সম্পর্ককে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। একইসঙ্গে তারা ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইনের মূল নীতি—সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ভিত্তিতেই যে কোনও সংলাপ হওয়া উচিত। ইউরোপীয় নেতারা জানান, তারা ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন এবং চলমান কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যেই আলোচনার পথ খোলা রাখতে প্রস্তুত। একই সঙ্গে তারা সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই শুল্কারোপের পথে হাঁটে, তবে তা ইউরোপ-আমেরিকা সম্পর্ককে দুর্বল করবে। সে ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলো ঐক্যবদ্ধ ও সমন্বিত প্রতিক্রিয়া জানাবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ইউরোপীয় নেতাদের সাফ বার্তা, নিজেদের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় তারা কোনও আপস করবে না।