পুবের কলম ওয়েবডেস্ক:  বাম শাসিত কেরলে প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা। মিডিয়াকে লক্ষ্যবস্তু বানিয়ে এক সাংবাদিকের হাত কেটে ফেলার হুমকি দিয়েছে বাম কর্মীরা। উস্কানিমূলক এই মন্তব্যের তীব্র নিন্দা জানাল কেরল ইউনিয়ন অফ ওয়ার্কিং জার্নালিস্টস (কেইউডব্লিউজে)।

সূত্রের খবর, বৃহস্পতিবার সিপিআই(এম) ভান্দুর এরিয়া কমিটি আয়োজিত একটি প্রতিবাদ সমাবেশে এক সাংবাদিককে লক্ষ্যবস্তু বানিয়ে অবমাননাকর গালিগালাজ করা হয়। মিডিয়াওয়ানের ব্যবস্থাপনা সম্পাদক সি দাউদের বিরুদ্ধে বামপন্থিদের নিয়ে 'মিথ্যা প্রচার' করার অভিযোগ করা হয়।
বামেদের ওই সমাবেশ থেকে মিডিয়াওয়ানের সাংবাদিককে হুমকি দিয়ে বলা হয়, 'এবার তাঁর হাত কেটে ফেলা হবে।' বামেদের ওই সমাবেশে উপস্থিত ছিলেন সিপিআই(এম) ভান্দুর এরিয়া সম্পাদক বি এম রাজাক। বাম কর্মীদের হুমকিকে সমর্থন করেন রাজাক। তিনিও একই সুরে হুমকি দিয়ে বলেন, "আপনি যদি আবার এমন করেন, আমরা আপনার হাত কেটে ফেলব।"

সংবাদমাধ্যমকে লক্ষ্যবস্তু বানিয়ে এধরনের হুমকিকে 'অত্যন্ত আপত্তিকর' বলে মন্তব্য করেছে কেরল ইউনিয়ন অফ ওয়ার্কিং জার্নালিস্টস।

সাংবাদিক সংগঠনটি বলেছে, "সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নাগরিক অধিকারের পক্ষে দাঁড়ানোর দাবি করা একটি রাজনৈতিক দলের পক্ষে প্রকাশ্যে এ ধরনের হুমকি ও অধিকার লঙ্ঘনের আশ্রয় নেওয়া গ্রহণযোগ্য নয়।" এক বিবৃতিতে কেইউডব্লিউজে জানিয়েছে, "সংবাদমাধ্যমের অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করা বা ভুল তথ্য প্রকাশ হলে তা নিয়ে প্রতিবাদ করার অনেক উপায় আছে। কিন্তু প্রকাশ্যে একজন সাংবাদিককে শারীরিকভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার ঘোষণা সিপিএমের মতো দলের পক্ষে লজ্জাজনক।" মিডিয়াওয়ানের বিরুদ্ধে সহিংস বিক্ষোভের ডাক ও হুমকি সংবাদ কর্মীদের কাজকে হুমকির মুখে ফেলবে বলেও উদ্বেগ প্রকাশ করেছে কেইউডব্লিউজে।

মিডিয়াওয়ানের ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বে রয়েছেন সি দাউদ।

তিনি একজন লেখকও। পাশাপাশি সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় ইস্যুতে তার তীক্ষ্ণ কলম অনেক পরিচিতি এনে দিয়েছে। সম্প্রতি দাউদ তাঁর সম্পাদকীয় অনুষ্ঠানে সিপিআই (এম) এর কথিত ইসলামোফোবিয়ার সমালোচনা করে অভিযোগ করেন, কেরলের ক্ষমতাসীন দল সরকারি নীতির সমালোচনামূলক অবস্থানের কারণে মিডিয়াওয়ান টিভি সহ মুসলিম সংগঠন এবং তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে। এই মন্তব্যের পরই সাংবাদিককে 'হাত কেটে ফেলার' হুমকি দেওয়া হয়েছে। এই ধরনের উস্কানিমূলক হুমকির বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ নেওয়ার নেওয়ার দাবি জানিয়েছেন কেইউডব্লিউজে সভাপতি কে পি রেজি এবং সাধারণ সম্পাদক সুরেশ এডাপ্পাল। তারা বলেন, "দলীয় নেতৃত্বকে অবশ্যই এই ধরনের উস্কানিদাতাদের লাগাম টানতে পদক্ষেপ করতে হবে।"