পুবের কলম, ওয়েবডেস্ক: গত সপ্তাহের টানা পতনের পর সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনেই আশার আলো দেখল ভারতীয় শেয়ার বাজার। সোমবার বাজার খুলতেই দেখা গেল পজ়িটিভ ওপেনিং। লগ্নিকারীদের মুখে হাসি ফুটিয়ে এদিন দালাল স্ট্রিটের দুই প্রধান সূচক— সেনসেক্স ও নিফটি, উভয়ই উর্ধ্বমুখী। এদিন সকালে দেখা যায়, বিএসই সেনসেক্স সূচক বেড়েছে প্রায় ০.৪৬ শতাংশ বা ৩৪৯ পয়েন্ট।

এনএসই নিফটি সূচক ০.৪৮ শতাংশ বা ১০৯ পয়েন্ট বেড়ে লেনদেন চলছে।
 
গত সপ্তাহের ট্রেডিং সেশনগুলোতে বাজার কার্যত রক্তাত্ব হয়েছিল। বিনিয়োগকারীরা বড়সড় লোকসানের মুখ দেখেছিলেন। পরিসংখ্যান বলছে, গত সপ্তাহে দুই প্রধান সূচকই প্রায় ৫ শতাংশ করে হ্রাস পেয়েছিল।
সেই খরা কাটিয়ে সোমবারের এই পজ়িটিভ ওপেনিং বাজারকে কিছুটা স্থিতিশীল করবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
 
বিশেষজ্ঞদের মতে, গত সপ্তাহের ব্যাপক পতনের পর অনেক ব্লু-চিপ শেয়ারের দাম আকর্ষণীয় স্তরে নেমে এসেছিল। ফলে আজ সকাল থেকেই লগ্নিকারীদের মধ্যে শেয়ার কেনার হিড়িক দেখা গেছে। বিশেষ করে আইটি, ব্যাঙ্কিং এবং অটোমোবাইল সেক্টরের শেয়ারগুলোতে ভালো কেনাকাটা লক্ষ্য করা যাচ্ছে।