পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার ১০টি রাজ্যের মোট ৩৭টি শূন্য আসনের মধ্যে ১১টি আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ। বাকি ২৬টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেও, বিহার, ওডিশা ও হরিয়ানার সমীকরণ আটকে রয়েছে বিধায়কদের ভোটের ওপর।
নির্বাচন কমিশনের প্রাথমিক ঘোষণা অনুযায়ী, পশ্চিমবঙ্গসহ ৭টি রাজ্যের জন্য ভোটাভুটির প্রয়োজন পড়েনি। পশ্চিমবঙ্গে ৫টি আসনের বিপরীতে সমসংখ্যক প্রার্থী থাকায় তৃণমূল কংগ্রেসের ৪ জন এবং বিজেপির ১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিহারে ৫টি আসনের জন্য লড়াই চলছে। এনডিএ এবং ইন্ডিয়া জোটের প্রার্থীদের পাশাপাশি অতিরিক্ত প্রার্থী থাকায় রাজনৈতিক দলগুলো ক্রস-ভোটিংয়ের আশঙ্কায় সতর্ক রয়েছে। ওডিশা ৪টি আসনে জয়ী হতে বিধানসভার বিধায়কদের সমর্থন এখন নির্ণায়ক ভূমিকা পালন করবে। হরিয়ানা ২ুটি আসনের জন্য লড়াই চলছে। বিশেষ করে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী ময়দানে নামায় লড়াইয়ে নতুন মাত্রা যোগ হয়েছে। প্রসঙ্গত, উচ্চকক্ষ বা রাজ্যসভায় শক্তি বৃদ্ধি যে কোনো রাজনৈতিক দলের জন্যই গুরুত্বপূর্ণ। কোনো বিল পাস করানো বা সাংবিধানিক সিদ্ধান্তের ক্ষেত্রে রাজ্যসভার সংখ্যাগরিষ্ঠতা বড় ফ্যাক্টর।