পুবের কলম, ওয়েবডেস্ক: রাহুল গান্ধির সদস্যপদ খারিজ হয়ে গেল। বিজ্ঞপ্তি জারি  লোকসভা সচিবালয়ের।  অর্থাৎ আর রাহুল গান্ধি আর সাংসদ থাকছেন না।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে প্রচারের সময় রাহুল গান্ধী স্লোগান  তুলেছিলেন, ‘চৌকিদার চোর হ্যায়’।

নরেন্দ্র মোদিকে আক্রমণ শানাতেই এই আওয়াজ তোলেন কংগ্রেস নেতা। সে বছরই লোকসভা নির্বাচনের আগে কর্নাটকের কোলারের এক জনসভায় পলাতক ব্যবসায়ী নীরব মোদি ও ললিত মোদির সঙ্গে নরেন্দ্র মোদির নামের মিল থেকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেছিলেন, ‘সব মোদিরা কেন চোর হয়?’ এতে ‘মোদি’ পদবির সবার অপমান হয়েছে বলে অভিযোগ ওঠে।

এই মর্মে গুজরাতের সুরাটের এক আদালতে রাহুল গান্ধির নামে মামলা করেছিলেন  গুজরাতের প্রাক্তন মন্ত্রী পুর্নেশ মোদি।

বৃহস্পতিবার সেই মামলারই রায় দেয়  আদালত। রায়ে রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দুই বছরের জেল দেওয়া হয়। একই সঙ্গে রাহুলের জামিনের আবেদন মঞ্জুর করে ৩০ দিনের জন্য সাজা স্থগিত রাখার নির্দেশ দেন বিচারক এইচএইচ বর্মা। তিনি জানিয়েছেন, ওই সময়সীমার মধ্যে রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে আবেদন করতে পারবেন রাহুল গান্ধী। রায়  দানের সময় আদালতে উপস্থিত ছিলেন রাহুল গান্ধি।