পুবের কলম ওয়েবডেস্ক: আমেরিকার টেক্সাসে স্ট্যাচু অফ ইউনিয়ন নামে এক বিশাল হনুমানের মূর্তি রয়েছে । ৯০ ফুট লম্বা হনুমানের এই মূর্তি এখানে চিরকালই হিন্দুরা শ্রদ্ধা এবং বিস্ময়ের দৃষ্টিতে দেখেন। কেউ কখনও এই স্ট্যাচু নিয়ে প্রকাশ্যে বিরূপ মন্তব্য করেননি। ট্রাম্পের দলেরই এক নেতা, যিনি টেক্সাসে রিপাবলিকান পার্টির বড় নেতা, আলেকজান্ডার ডানকান বলেছেন, কেন আমরা টেক্সাসে এক ভুয়া হিন্দু দেবতার ভুয়া মূর্তি স্থাপনের অনুমোদন দিয়েছি?

বিশেষ করে আমাদের দেশ খ্রিস্টান ধর্মের মানুষজনের দেশ। নিজের এক্স হ্যাণ্ডেলে তিনি লিখেছেন, টেক্সাসের সুগারল্যাণ্ডে শ্রী অষ্টলক্ষ্মী মন্দিরের কাছেই এই মূর্তিটি রয়েছে। সেই লেখার সঙ্গে একটি ভিডিয়োও দিয়েছেন ওই মন্দির চত্বরের ছবি দিয়ে। আর এক লেখায় তিনি বাইবেল থেকে উদ্ধৃত করে লিখেছেন, ' আমি ছাড়া অন্য কোনও ঈশ্বরকে তুমি রাখতে পারো না।

তোমরা স্বর্গ, পৃথিবী বা সমুদ্রে অন্য কোনও ধরনের মূর্তি বা ছবি রাখতে পারো না '।

ডানকান এবার টেক্সাস থেকে ট্রাম্পের পার্টির হয়ে সেনেটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর এই পোস্ট হিন্দুদের মধ্যে হইচই ফেলে দিয়েছে। হিন্দু আমেরিকান ফাউন্ডেশন এর তরফে পালটা বিবৃতিতে বলা হয়েছে, টেক্সাসের সেনেটের রিপাবলিকান প্রার্থী কি নিজেদের তৈরি নিয়মশৃঙ্খলা ভাঙা র ব্যাপারে একটু সচেতন হবেন?

আমেরিকাতে সংবিধানের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ক্লজএ বলা আছে, অন্য ধর্মের ধর্মাচরণে কোনও বাধা দেওয়া যাবে না। ইন্টারনেটে অনেক হিন্দু লিখেছেন, আমেরিকার সংবিধানে সব ধর্মের স্বাধীন ধর্মাচরণের অধিকার রয়েছে। আবার জর্ডন ক্রোডার নামে একজন লিখেছেন, যীশু পৃথিবীতে আসার ২০০০ বছর আগে বেদ লেখা হয়। তাই কাউকে উপেক্ষা করা অনুচিত। ২০২৪ সালে শ্রীচিন্নাজিয়ার স্বামীর উদ্যোগে এই মূর্তি স্থাপিত হয়। আমেরিকার তৃতীয় বৃহত্তম এই মূর্তি।