পুবের কলম, ওয়েবডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের একাদশ–দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকা প্রকাশের পর থেকেই ফ্রেশারদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাঁদের অভিযোগ—অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার নিয়মের ফলে লিখিত পরীক্ষায় ভালো নম্বর পেলেও অনেকেই ইন্টারভিউ ডাক পাননি। এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার থেকে শুরু হয়েছে ভেরিফিকেশন। ৪ নভেম্বর শুরু হওয়া প্রক্রিয়ার প্রথম দিন বাংলা বিষয়ের ৭০৬ জন প্রার্থী যাচাইয়ের জন্য ডাক পান।
৪ ডিসেম্বর পর্যন্ত চলবে ভেরিফিকেশন। ফ্রেশারদের অভিযোগের বিষয়টি স্বীকার করছেন অনেক যোগ্য চাকরিহারাও।আরও পড়ুন:
ভেরিফিকেশনে আসা প্রার্থী মমতাজ খাতুন বলেন, “ফ্রেশারদের কষ্টটা স্বাভাবিক। তবে আমাদের মধ্যেও বহু যোগ্য প্রার্থী ডাক পাননি।
” যোগ্য চাকরিহারা প্রার্থীদের দাবি—সরকার অবিলম্বে শূন্যপদ বাড়াক। শ্রীরামপুর গার্লস হাই স্কুলের শিক্ষিকা অবিরা দাস বলেন, “ফ্রেশাররাই শুধু ৬০-এ ৬০ পাননি, যোগ্য চাকরিহারারাও পেয়েছেন। সাত বছরের যোগ্যদের দোষ না থাকা সত্ত্বেও চাকরি গেল। অন্যান্য রাজ্যেও অভিজ্ঞতার নম্বর দেওয়া হয়,ফ্রেশাররা বিষয়টি আগে থেকেই জানতেন।” ফ্রেশারদের আন্দোলনের মধ্যেই তাই যোগ্য চাকরিহারাদের প্রধান দাবি—বর্ধিত শূন্যপদই একমাত্র বাস্তবসম্মত সমাধান।