পুবের কলম, ওয়েবডেস্ক: হুগলির রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে মুক্তি দিল পাকিস্তান। ২২ দিন পর পাক সেনার হাত থেকে মুক্ত হলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। বুধবার সকাল ফ্ল্যাগ মিটিংয়ের পর সাড়ে ১০ টায় আটারি বর্ডার থেকে দেশে প্রবেশ করেন তিনি। জানা যাচ্ছে, সুস্থ রয়েছেন পূর্ণম।

ছেলের মুক্তির খবর আসতেই স্বস্তি ফিরেছে সাউ পরিবারেও।

উল্লেখ্য, পহেলগাঁও হামলার পরদিন অর্থাৎ ২৩ এপ্রিল ভুল করে পাক ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন হুগলির পূর্ণমকুমার সাউ। সেই থেকে পাক সেনার হাতে বন্দি তিনি। ভারত-পাকিস্তান সংঘাত পর্বে ভুলবশত নিয়ন্ত্রণ রেখা পেরোনোয় তাঁকে বন্দি করে পাক রেঞ্জার্স।

এই ঘটনার পর থেকে চিন্তায় ছিলেন জওয়ানের পরিবার।

জানা গিয়েছে, বুধবার সকালে ফ্ল্যাগ মিটিং হয় দু'দেশের সেনা জওয়ানদের মধ্যে। ভারতের লাগাতার চাপে শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয় পাকিস্তান। এরপরই পূর্ণমকে মুক্ত করার সিদ্ধান্ত নেয় তাঁরা।