পুবের কলম প্রতিবেদক: অসমের দরং জেলায় সরকারি উচ্ছেদ অভিযান ও হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের শাস্তির দাবিতে ডেপুটেশন দিল রাজ্যের মুসলিম সংগঠনগুলির এক প্রতিনিধিদল। মঙ্গলবার দুপুরে কলকাতায় অবস্থিত অসম ভবনে ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্য জামায়াতে ইসলামি হিন্দের মাওলানা সাদাব মাসুম ও মুহাম্মদ সাবির আলি– জমিয়তে উলেমায়ে হিন্দ-এর আবদুর রাজ্জাক– মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের আবু তালিব রহমানি– জমিয়তে আহলে হাদিসের মারুফ সালাফি– খিলাফত কমিটির সাধারণ সম্পাদক নাসির আহমেদ– মারকুইস লেন মসজিদের ইমাম আসিফ নাদভি প্রমুখ।
আরও পড়ুন:
এদিন অসম ভবনের ডিরেক্টরের মাধ্যমে অসম সরকারের কাছে প্রতিবাদ ও দাবিপত্র জমা দেওয়া হয়।
সংগঠনগুলি দাবি করেছে, অসমে উচ্ছেদ অভিযানের নামে যা হয়েছে তা মেনে নেওয়া যায় না। নিরাপরাধ মানুষকে গুলি করে হত্যা করা ও বহু মানুষকে আহত করার মাধ্যমে অসম সরকারের পুলিশ নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে। এদিন সাদাব মাসুম সুপ্রিমকোর্টের এক আদেশ উল্লেখ করে বলেন, পুলিশি গুলি চালনার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং আইনি প্রক্রিয়া চালু করতে হবে। পুলিশকে তাদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র ফরেন্সিক পরীক্ষার জন্য জমা করতে হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করবে।