পুবের কলম ওয়েবডেস্ক: অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, চিনের আগ্রাসী মনোভাব সেখানে মোটেও কাঙ্খিত নয়। এমনই প্রস্তাব উঠল মার্কিন সেনেটে।আন্তর্জাতিক  কূটনৈতিক মহলের মতে  মার্কিন সেনেটের এই প্রস্তাব ভারতকে নিঃসন্দেহে স্বস্তি দেবে।

চিনের লালফৌজের অরুণাচলে গতিবিধি নিয়ে বারবার  সরব হয়েছে নয়াদিল্লি।

অরুণাচলের কিছু অংশ নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব রয়েছে ভারত ও বেজিংয়ের। গত ডিসেম্বরেই দুই দেশের সেনার হাতাহাতিও হয়েছিল। এরপর দুই দেশের শীর্ষ  সামরিক কর্তাদের সীমান্ত পর্যায়ের বৈঠকও হয় । এমতাবস্থায়  দাঁড়িয়ে মার্কিন সেনেটের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য প্রধানমন্ত্রী নিজেই চিনের আগ্রাসন ঠেকাতে তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন , এক, ইন্দো-তিব্বত সীমান্তে বর্ডার পুলিশের সংখ্যাবৃদ্ধি। দুই, শিনকু লা টানেল চালু করা। তিন, গ্রামের জন্য ‘প্রাণবন্ত’ প্রকল্প চালু করা। এরপর এই ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে পাশে পাওয়া ভারতকে যে বিরাট স্বস্তি দেবে সেই কথা বলাই বাহুল্য।