পুবের কলম ওয়েবডেস্ক: অবশেষে ২২ দিন পর পাক সেনার হাত থেকে মুক্তি পেয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। খবর পেয়েই জওয়ানের  স্ত্রী রজনীকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ণমকে শুভেচ্ছা জানান তিনি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন জওয়ানের স্ত্রী।

পহেলগাঁও হামলার পরদিনই নিখোঁজ হন সেনা জওয়ান পূর্ণম সাউ। পরে জানা যায়, পাক সেনার হাতে বন্দি তিনি। ভারত-পাক যুদ্ধের আবহ হতাশা গ্রাস করেছিল জওয়ান পূর্ণমকুমার সাউ-এর পরিবারকে। এই পরিস্থিতিতে রবিবার পূর্ণম সাউয়ের স্ত্রীকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রজনী সাউ জানান, মুখ্যমন্ত্রী তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। তিনিই আশ্বাস দিয়েছেন, একসপ্তাহের মধ্যেই বাড়ি ফিরবেন পূর্ণম।

পাক সেনার হাত থেকে মুক্তি পাওয়ার পর পূর্ণমকুমার সাউ-এর স্ত্রীকে ফোন করেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, পাকিস্তানে বন্দি জওয়ানের মুক্তির খবর পেয়েছি।

আমি খুব খুশি। আমি ওর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলাম। আগেও ওর স্ত্রী রজনীর সঙ্গে কথা হয়েছে। আজ আবার ফোন করেছিলাম। পূর্ণমকে শুভেচ্ছা। গোটা পরিবার খুব ভালো থাকুক।