পুবের কলম প্রতিবেদকঃ এমনিতেই কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার সেই সংঘাতের আবহ আরও একটু বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের হিসেবে নিতে রাজ্যে এলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের কাজ হল, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের কাজ কেমন চলছে, তা খতিয়ে দেখা। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সংঘাত নতুন নয়। তাই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সফরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে নবান্ন।
আরও পড়ুন:
প্রশাসন সূত্রে খবর, মূলত গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত পরিষেবার সঙ্গে যুক্ত বিষয়গুলি নিয়ে কেন্দ্রের যে সমস্ত প্রকল্প রয়েছে, তা রাজ্যে সঠিক ভাবে এগিয়েছে কি না, তা-ই খতিয়ে দেখবেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। এ দিন সকালেই রাজ্যে পৌঁছায় কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রথমেই তাদের যাওয়ার কথা দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপে আগামী জানুয়ারি মাসে বসবে গঙ্গাসাগর মেলা। তার আগে সেখানে গ্রামোন্নয়নের ক্ষেত্রে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর কী কী বিষয়ে কাজ করেছে, তা দেখবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলটি।
আরও পড়ুন:
রাজ্য প্রশাসন সূত্রের খবর, জনস্বাস্থ্য কারিগরি দফতরের কাজের পাশাপাশিই দেখা হবে গ্রামীণ রাস্তা নির্মাণ, পরিশ্রুত পানীয় জল, গ্রামীণ স্থানীয় প্রশাসনের পরিকাঠামো ঠিকঠাক ভাবে গড়া হয়েছে কি না। সে ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থ সঠিকভাবে ব্যবহার করা হয়েছে কি না, সে দিকেই নজর দেবেন প্রতিনিধি দলের সদস্যরা।
আরও পড়ুন:
রাজ্য প্রশাসনের এক কর্তার কথায়, ''গ্রামসড়ক যোজনা, আবাস যোজনা, স্বচ্ছ ভারত প্রকল্পের অর্থ পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হয়েছে। সেগুলোই মূলত দেখবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।''
আরও পড়ুন:
বুধবার সরেজমিনে ওই বিষয়গুলির উপর আলোকপাত করার পর বৃহস্পতিবার নবান্নে রাজ্যের শীর্ষ আমলাদের সঙ্গে বৈঠকেও বসতে পারেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। এখন দেখার সামগ্রিকভাবে গোটা বিষয়টি নিয়ে আবার নতুন করে সংঘাতের আবহ তৈরি হয় কিনা!