পুবের কলম প্রতিবেদক, মালদা: রাজ্য সরকারের উদ্যোগে কারিগরী ও প্রযুক্তি প্রশিক্ষণরত পড়ুয়াদের সরাসরি কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। গোটা রাজ্যে ১ লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। ইতিমধ্যে ৩৫ হাজার কর্মসংস্থান হয়ে গেছে। মঙ্গলবার মালদা পলিটেকনিক কলেজে রাজ্য সরকারের কারিগরী শিক্ষা ও প্রশিক্ষণ দফতরের উদ্যোগে ‘চাকরির মেলা’-র আসর বসে।
বিভাগীয় মন্ত্রী হুমায়ুন কবীর এই মেলার উদ্বোধন করেন। মোট ১২টি কোম্পানি হাজির থেকে পড়ুয়াদের কর্মসংস্থানের জন্য বাছাইয়ের কাজ করেন। প্রায় ২২০০ পড়ুয়ার কর্মসংস্থান করা হয়েছে এদিন বলে জানা গিয়েছে। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও হাজির ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অমিতাভ মাইতি, বিধায়ক চন্দনা সরকার, সমর মুখার্জি, জেলা সভাধিপতি এটিএম রফিকুল ইসলাম প্রমুখ।আরও পড়ুন:
মন্ত্রী হুমায়ুন কবীর বলেন, ‘আইটিআই, পলিটেকনিক ও উৎকর্ষ বাংলা-র মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। ৪৪টি কোম্পানি এ ব্যাপারে এগিয়ে এসেছে। এরপর শিলিগুড়ি, খড়গপুরেও চাকরির মেলা-র আসর বসবে। এই মেলার ফলে প্রশিক্ষণপ্রাপ্ত পড়ুয়াদের সহজেই কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।’