পুবের কলম,ওয়েবডেস্ক: হিজাবের দাবিতে অনড় ছাত্রীদের ‘সন্ত্রাসী’ তকমা দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন যশপাল সুবর্ণ। আসন্ন কর্নাটক বিধানসভা নির্বাচনে এবার তাকেই টিকিট দিল বিজেপি। কর্নাটকের হিজাব বিতর্কের কেন্দ্র উদুপিতে তিন বারের জয়ী বিধায়ক রাঘপতি ভাটকে টিকিট না দিয়ে ভোটযুদ্ধের ময়দানে বিজেপি এগিয়ে দিল যশপালকে।

উদুপি গভর্নমেন্ট প্রি ইউনিভার্সিটি গার্লস কলেজের উন্নয়ন কমিটির সহ-সভাপতি যশপাল সুবর্ণ। হিজাব নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে কর্নাটকের মুসলিম ছাত্রীরা সুপ্রিম কোর্টে গেলে তাদেরকে ‘সন্ত্রাসী’ তকমা দেন যশপাল।
হিজাব আন্দোলনকে দমন করতে  হিন্দু ছাত্র-ছাত্রীদের  গেরুয়া চাদর বিলিয়েছিলেন তিনি।

শুধু এই ঘটনায় নয়, এর আগের অন্যান্য অনেক ঘটনায় নিজের আচরণে উগ্র হিন্দুত্ববাদ ফুটিয়ে তুলেছিলেন যশপাল। একসময় গোরক্ষককের  ভূমিকায় কাজও করেছেন। ২০০৫ এ গোরক্ষার নামে এক বাবা ও তার ছেলেকে নির্যাতন করায় তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। পরে অবশ্য ট্রায়াল কোর্টের নির্দেশে তিনি এই মামলা থেকে মুক্তি পান।
ছাত্রাবস্থায় এবিভিপি ও বজরংদলের সক্রিয় কর্মী ছিলেন যশপাল সুবর্ণ।

উল্লেখ্য, সুবর্ণ প্রথমবারের মত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বর্তমান বিধায়ক রাঘপতি ভাট এবারও টিকিট পাবেন বলে আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু তাঁর বদলে সুবর্ণকেই বেছে নিয়েছে বিজেপি। অনদিকে, ওই এলাকায় অনগ্রসর শ্রেণীর নেতাকে টিকিট দেওয়ার জন্য দাবি উঠছিল। সেই সুযোগে কট্টরপন্থী যশপাল সুবর্ণকেই বেছে নিয়েছে বিজেপি। সুবর্ণের পরিবারও আরএসএসের সঙ্গে যুক্ত।