পুবের কলম, ওয়েবডেস্ক: অনুচ্ছেদ ৩৭০ বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্তকে বহাল রেখে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট৷ এই রায় কাশ্মীর সমস্যাকে আরও জটিল করবে৷ এমনই মত পাকিস্তানের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। ২০১৯ এর আগস্ট মাসে কেন্দ্রীয় সরকার অনুচ্ছেদ ৩৭০ বাতিল করার যে সিদ্ধান্ত নিয়েছিল তা, বহাল রাখার সোমবার সর্বসম্মতভাবে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট৷ অনুচ্ছেদ ৩৭০ জম্মু ও কাশ্মীর রাজ্যকে একটি বিশেষ মর্যাদা প্রদান করেছিল। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি পিটিআই নেতা ইমরান খান একটি বার্তায় বলেন যে, ভারতীয় শীর্ষ আদালতের রায় রাষ্ট্রসংঘের রেজোলিউশনের নিছক লঙ্ঘন৷
আরও পড়ুন:
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি তাদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে ইমরানের বার্তা জানিয়েছেন৷ ইমরান খান এ দিন বলেছেন যে, ভারতীয় শীর্ষ আদালতের বিতর্কিত এবং বেআইনি সিদ্ধান্ত কয়েক দশক ধরে চলা সংঘাত সমাধানে সাহায্য করার পরিবর্তে কাশ্মীর সমস্যাকে আরও জটিল করবে। তাঁর দল কাশ্মীরী জনগণকে সম্পূর্ণ কূটনৈতিক, নৈতিক ও রাজনৈতিক সমর্থন প্রদান অব্যাহত রাখবে বলে এ দিন জানিয়ে দিয়েছেন ইমরান।