পুবের কলম, ওয়েবডেস্ক: জন্মহার কমে যাওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে দেশের বিভিন্ন রাজ্যে। সেই পরিস্থিতি মোকাবিলায় নতুন পরিকল্পনা করছে অন্ধ্রপ্রদেশ সরকার। রাজ্যে দুই বা তার বেশি সন্তান হলে সংশ্লিষ্ট দম্পতিকে ২৫ হাজার টাকা করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।
আরও পড়ুন:
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী জানান, কোনও দম্পতির দুই বা তার বেশি সন্তান জন্মালে তাঁদের এককালীন ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। সন্তানের জন্মের সময়ই এই অর্থ প্রদান করা হবে বলে ভাবনা রয়েছে।
তাঁর মতে, এই উদ্যোগ কার্যকর হলে রাজ্যে জন্মহার বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে।আরও পড়ুন:
বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও তার সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়টিও তুলে ধরেন তিনি। তাঁর মতে, শুধু ভারত নয়, বিশ্বের বহু দেশই এখন জন্মহার কমে যাওয়ার সমস্যার মুখোমুখি। এর ফলে জনসংখ্যার গড় বয়স বেড়ে যাচ্ছে, যা ভবিষ্যতে কর্মক্ষমতা ও উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলেই মনে করছে রাজ্য সরকার। সেই কারণেই জন্মহার বাড়াতে উৎসাহ দিতে নতুন এই প্রকল্প চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, চলতি মাসের শেষের দিকেই প্রকল্পটি ঘোষণা করা হতে পারে এবং আগামী এপ্রিল মাস থেকে তা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।