পুবের কলম ওয়েব ডেস্কঃ গৌতম আদানির প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে অর্থ নিয়ে সংসদে আদানি কেলেঙ্কারি সম্পর্কে প্রশ্ন করেছিলেন মহুয়া মৈত্র, এমন অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। অভিযোগ গড়ায় সংসদের এথিক্স কমিটিতে। সেখানে তদন্তের নামে ‘নোংরা প্রশ্ন’ করা হয়েছে মহুয়াকে বলে অভিযোগ করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ। তাঁকে সমর্থন জানিয়েছিলেন বিএসপি সাংসদ দানিশ আলিও।

এবার এই মামলায় হস্তক্ষেপ করবে সিবিআই বলে জানিয়েছেন বিজেপির নিশিকান্ত দুবে।
বুধবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে দুবে বলেন, তাঁর অভিযোগের ভিত্তিতে সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল।

এর জবাবে ঠিক ৪১ মিনিট পর এক্স হ্যান্ডেলে পাল্টা পোস্ট করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া লেখেন, প্রথমত সিবিআইকে সবথেকে প্রথমে আদানি গোষ্ঠীর ১৩ হাজার কোটি টাকার কয়লা দূর্নীতির জন্য এফআইআর দায়ের করতে হবে।

দ্বিতীয়ত, জাতীয় নিরাপত্তা নীতি কতটা বিপজ্জনক হলে বিদেশি শেয়ার সমৃদ্ধ আদানির কোম্পানি ভারতের নৌ ও বিমানবন্দর কেনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের ছাড়পত্র পেয়ে যাচ্ছে, তাও তদন্ত করতে হবে। তারপরও সিবিআইকে স্বাগত। ওরা এসে আমার জুতো গুনে যাক।