পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলার শিখ আইপিএস অফিসারকে 'খালিস্তানি' তকমার জেরে প্রতিবাদে শুরু হয়েছে জাতীয় স্তরে। ঘটনাকে কেন্দ্র করে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক বির্তক। ঘটনার দিনই 'খালিস্তানি' তকমার বিরুদ্ধে তিব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অমৃতসরের শিরোমণি গুরুদ্বারের সভাপতি হরজিন্দর সিং ধামি। 'খালিস্তানি' বলে শুধু ওই অফিসারের ধর্মীয় ভাবাবেগে আঘাতই নয়, ভারতীয় ঐতিহ্যকে নষ্ট করা হয়েছে বলেও প্রতিবাদ সরব হন তিনি।

তাঁর কথায়, "বাংলার শিখ আইপিএস অফিসার যশপ্রীত সিংকে বিজেপির ইচ্ছাকৃত চরিত্রহনন নিন্দনীয়। এই মন্তব্যকে ধিক্কার জানাই। এ ধরণের চিন্তাভাবনার নেতাদের ভুলে যাওয়া উচিত নয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে সব থেকে বেশি আত্মত্যাগ করেছেন শিখরা। শিখদের কারও কাছ থেকে সার্টিফিকেটের প্রয়োজন নেই।
আমরা জানি আমাদের ঐতিহ্য কিভাবে রক্ষা করতে হয়।" বিজেপি সরকারের সমালোচনা করে হরজিন্দর সিং ধামি বলেন, গণতান্ত্রিক দেশে এই ধরনের ব্যক্তিরা ইচ্ছাকৃতভাবে ঘৃণার পরিবেশ তৈরি করে। কিন্তু সরকার নীরব থাকে। যারা এই মন্তব্য করেছেন তাদের শাস্তি হওয়া উচিত। নয়তো যাঁরা বিভিন্ন এলাকায় নিজের কর্তব্য পালন করছেন তাঁরা সমস্যায় পড়তে পারেন।
"

 

অন্যদিকে, বুধবার বাংলার আইপিএস-এর পাশে দাঁড়িয়ে বিজেপি তুলোধনা করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি বলেন, "বাংলার একজন আইপিএস আধিকারিককে বিজেপি নেতারা দেশদ্রোহী বলে দাগিয়ে দিয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। হয়তো বিজেপি জানে না, দেশের স্বাধীনতা আন্দোলনে এবং স্বাধীন ভারতে পঞ্জাবিদের অবদান কতটা। এ ক্ষেত্রে পঞ্জাবিদের ভূমিকা সর্বাধিক বেশি। বিজেপিকে অবিলম্বে পঞ্জাবিদের কাছে ক্ষমা চাইতে হবে।" উল্লেখ্য, মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার পথে ধামাখালি এলাকায় বিজেপি নেতাদের সঙ্গে কার্যত বচসা বেধে যায় কর্তব্যরত শিখ আইপিএস অফিসার জসপ্রীত সিংয়ের। তাঁকে 'খালিস্তানি' তকমা দিয়ে দাগিয়ে দেয় বিজেপি।