পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: বেপরোয়া বাইকের ধাক্কায় বেঘোরে প্রাণ গেল এক সিভিক ভলেন্টিয়ারের। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার কলুপুকুর মোড় এলাকার ঘটনা। মৃত ওই সিভিক ভলেন্টিয়ার এর বাড়ি শালিপুর অঞ্চলের গোয়ালপোতা গ্রামে।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের ১৮ তারিখ আনুমানিক রাত নটা নাগাদ কলুপুকুর মোড় এলাকায় রাস্তার ধারে কর্তব্যরত অবস্থায় ছিলেন বছর ৩২ এর সিভিক ভলেন্টিয়ার শরিফুল খান।হাড়োয়ার থেকে লাউহাটির দিকে যাওয়া একটি বাইক সজোরে ধাক্কা মারে তাকে।
ঘটনায় গুরুতর আহত হন ওই সিভিক ভলেন্টিয়ার। ঘাতক বাইক নিয়ে বাইক আরোহী দ্রুত পালিয়ে যায়। অন্য এক কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের সহায়তায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে হাড়োয়া গ্রামীণ হাসপাতাল নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে স্থানান্তর করেন। দীর্ঘ পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে শনিবার ভোররাতে মৃত্যু হয় ওই সিভিক ভলেন্টিয়ারের। ময়নাতদন্তের পরেই ওই সিভিক ভলেন্টিয়ার এর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।আরও পড়ুন:
পরিবার সূত্রে জানা গেছে, বাবার চার সন্তানের মধ্যে কনিষ্ঠতম সন্তান ছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার। প্রায় চার-পাঁচ বছর আগে তার বিয়ে হয়েছিল। তার একটি তিন বছরের কন্যা সন্তানও রয়েছে। প্রশ্ন উঠেছে, সরকারিভাবে "সেভ ড্রাইভ, সেফ লাইফ" কর্মসূচি পালিত হচ্ছে চারিদিকে অথচ বেপরোয়া বাইক চালিয়ে জীবনহানির ঘটনা ঘটছে আকসার।