পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলার পুলিশকে ‘খালিস্তানি’ তকমা বিজেপির। প্রতিবাদে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালিতে ঢোকার মুখে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপির প্রতিনিধি দল। সেই বচসার মাঝেই এক আইপিএস পুলিশ আধিকারিককে খালিস্তানি বলে দেগে দেন তারা।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো শেয়ার করেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "আজ বিজেপির বিভাজনের রাজনীতি নির্লজ্জভাবে সাংবিধানিক সীমানা অতিক্রম করেছে। বিজেপি পাগড়ি পরা প্রত্যেক ব্যক্তিকে খালিস্তানি মনে করে। আমি আমাদের শিখ ভাই ও বোনদের সম্মান ক্ষুন্ন করার তীব্র নিন্দা জানাই।
আমরা বাংলার সম্প্রীতি রক্ষায় দৃঢ়ভাবে সজাগ রয়েছি।" রাজ্যে শান্তি বিঘ্নত করার যেকোনো প্রচেষ্টায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।

 

মঙ্গলবার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল সন্দেশখালি যাওয়ার চেষ্টা করছিলেন। সন্দেশখালি ঢোকার আগে ধামাখালিতে তাঁদের বাধা দেয় পুলিশ। শুরু হয় বাকবিতণ্ডা। ঠিক ওই সময়ই পাগড়ি পরা জসপ্রিত সিং নামের এক পুলিশ আধিকারিককে ‘খালিস্তানি’ বলে মন্তব্য করে বিজেপি।