পুবের কলম ওয়েবডেস্কঃ হাওড়া স্টেশনের ওপর চাপ কমাতে এবার সাঁত্রাগাছির পর শালিমার টার্মিনাল গড়ে তোলার ভাবনাচিন্তা শুরু করল দক্ষিণ-পূর্ব রেল।

দক্ষিণ-পূর্ব রেল সূত্রের খবর, শালিমারে সরিয়ে নিয়ে যাওয়া ট্রেনের তালিকায় রয়েছে করমণ্ডল, জ্ঞানেশ্বরী, ইস্ট কোস্ট, হাওড়া-পুরী, তিরুপতি, জগন্নাথ, ধৌলি, অমরাবতী-সহ একাধিক এক্সপ্রেস।

তবে শালিমার স্টেশনকে নয়া টার্মিনাল হিসেবে গড়ে তুললে সমস্যা বাড়বে যাত্রীদের।

কারণ হিসেবে যাত্রীদের কথায় এই স্টেশন থেকে বেরিয়ে বাস মেলেনা, ট্যাক্সি, ক্যাবের সেরকম বন্দোবস্ত নেই। সব মিলিয়ে যোগাযোগ ব্যবস্থা অপ্রতুল। উপযুক্ত কাঠামো গড়ে না তুলে স্থানান্তরিত করলে যাত্রীদের ভোগান্তির চূড়ান্ত হবে।

এছাড়াও স্টেশনে আলো কম, রাতের অন্ধকারে শালিমার রেল ইয়ার্ডে অসামাজিক কার্যকলাপ যাত্রী সুরক্ষা বিঘ্নিত করতে পারে বলে মত প্রকাশ রেল যাত্রীদের একাংশের।