পুবের কলম, ওয়েবডেস্ক: হঠাৎ করেই বিশ্বের বহু জনপ্রিয় ওয়েবসাইট অচল হয়ে পড়ে। বিশ্বের নানা দেশের ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, চলচ্চিত্র রিভিউ সাইট লেটারবক্সডসহ অসংখ্য ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে বারবার ত্রুটির মুখে পড়েন। ত্রুটি বার্তায় দেখা যায়— “ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি লোড করা সম্ভব হয়নি।” বিশ্বজুড়ে এই বিপর্যয়ের মূল কারণ ক্লাউডফ্লেয়ারের বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটি।

প্রতিষ্ঠানটি জানায়, তাদের সিস্টেমে এমন একটি সমস্যা দেখা দিয়েছে যা বহু গ্রাহকের সেবা ব্যাহত করছে। সমস্যার উৎস শনাক্তে তদন্ত চলছে এবং সমাধান পাওয়া মাত্রই আপডেট জানানো হবে।

ক্লাউডফ্লেয়ার বৈশ্বিক ইন্টারনেট অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। সাইবার আক্রমণ প্রতিরোধ, অতিরিক্ত ট্রাফিক নিয়ন্ত্রণসহ বিভিন্ন সেবা পরিচালনা করে তারা।
ফলে তাদের নেটওয়ার্কে সামান্য ত্রুটিও বহু ওয়েবসাইটে বড় প্রভাব ফেলে। এদিকে ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টরও সাময়িকভাবে অচল হয়ে পড়ে। পরে সাইটটি চালু হলে দেখা যায়- বিশ্বজুড়ে ওয়েবসাইট ডাউন হওয়ার রিপোর্ট হঠাৎই নাটকীয়ভাবে বেড়ে গেছে। ত্রুটিগ্রস্ত ব্যবহারকারীরা যে বার্তা দেখেছেন, তাতে উল্লেখ ছিল- ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে অভ্যন্তরীণ সার্ভার ত্রুটি দেখা দিয়েছে।