পুবের কলম,ওয়েবডেস্কঃ গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র চোপড়া ! তৃণমূলের বুথ কমিটির বৈঠক সেরে বেরোনোর সময় তৃণমূল কর্মীকে গুলি করে খুন। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের চোপড়ার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনাটি ঘটেছে। মৃতের নাম ফইজুল রহমান। এই ঘটনায় আরও তিন তৃণমূল কর্মী আহত হয়েছেন।
পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উত্তাল চোপড়ার দিঘির পানা পঞ্চায়েত এলাকা।

পঞ্চায়েত নির্বাচনের আগে প্রার্থী নির্বাচন নিয়ে  বৈঠক হচ্ছিল। সেই বৈঠক শেষ হতে সকলে যখন দলীয় কার্যালয়ের বাইরে বেরিয়ে আসছেন, সেই সময় আচমকাই এলোপাথাড়ি গুলি চলতে শুরু করে বলে অভিযোগ স্থানীয়দের। তাতে ৭০ বছর বয়সি এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। আহতরাও তৃণমূলেরই কর্মী।

 

ওই বৃদ্ধের পরিবার জানিয়েছে, দলীয় কার্যালয় থেকে বেরনো মাত্রই গুলি ছোড়া হয়। তাতে সরাসরি বুকে গুলি লাগে ওই বৃদ্ধের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।  ইসলামপুর হাসপাতালের মর্গে ওই বৃদ্ধের দেহ পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্ত হবে। এলোপাথাড়ি গুলিতে তৃণমূলের আরও কয়েক জন আহত হয়েছেন বলে খবর। আহত অবস্থায় তিন জনকে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।