পুবের কলম, ওয়েবডেস্ক: এসআইআর নিয়ে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। বিএলওদের মৃত্যু নিয়ে রাজনীতি করছে তৃণমূল বলে তোপ দাগলেন তিনি। বিজেপি নেতা কটাক্ষ করে বলেন, শকুন যেমন মৃতদেহ খোঁজে। তৃণমূলও ঠিক তাই করছে।

কোথায়-কোথায় কার-কার মৃত্যু ঘটছে খুঁজে বেড়াচ্ছে তৃণমূল।

শাসক দল তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করে রাহুল সিনহা বলেন, “তৃণমূল আর শকুনের মধ্যে কোনও পার্থক্য নেই। শকুন আকাশে উড়তে-উড়তে কোথায় কোনও পশুর মৃতদেহ রয়েছে কিনা, তার খোঁজ করে। যখনই কোনও মৃতদেহ পায় তখন তার উপর ঝাঁপিয়ে পড়ে।
তৃণমূলও ঠিক তাই। সর্বত্র চোখ রাখছে কে কোথায় আত্মহত্যা করছে। কে কোথায় মারা যাচ্ছে। কেউ অসুস্থ হয়েও মারা গেলে, সঙ্গে সঙ্গে এসআইআর বোর্ড নিয়ে হাজির হয়ে যায় তৃণমূল।
তৃণমূলের অভিনয় মানুষ বুঝতে পারছে।”

শনিবার নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় এক বিএলও গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। এদিন সকালে বাড়ি থেকে রিঙ্কু তরফদারের দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, ওই ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। যাতে স্পষ্ট নির্বাচন কমিশনকে দায়ী করেছেন ওই মহিলা। কাজের অত্যধিক চাপ সহ্য করতে না পেরে বাধ্য হয়ে এমন চরম সিদ্ধান্ত বলে ওই সুইসাইড নোটে লিখে রেখেছেন তিনি। রিঙ্কু তরফদার সহ বিএলওদের মৃত্যু নিয়ে সিবিআই তদন্ত দাবি করেছেন তিনি।