পুবের কলম ওয়েবডেস্ক: সন্ত্রাসবাদের বিরোধিতা অন্যদিকে সন্ত্রাসে মদতদাতাকে পুরস্কার, এই নীতি ঠিক নয়। জি-৭ থেকে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেইসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতি বিশ্বের সামনে তুলে ধরেন দেশের প্রধানমন্ত্রী।
মঙ্গলবার জি-৭ বৈঠকে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “বিশ্ব শান্তি ও উন্নতির লক্ষ্যে আমাদের পরিকল্পনা ও নীতি স্পষ্ট হওয়া উচিত। যদি কোনও দেশ সন্ত্রাসবাদকে সমর্থন করে সেক্ষেত্রে সন্ত্রাসের সমর্থককে তার মূল্য চোকাতে হবে।” পাশাপাশি মোদি বলেন, “আন্তর্জাতিক সংগঠনগুলির দ্বিমুখী নীতি থাকা উচিত নয়। একদিকে, আমরা আমাদের পছন্দ অনুযায়ী নিষেধাজ্ঞা আরোপ করব। অন্যদিকে যে দেশ প্রকাশ্যে সন্ত্রাসবাদকে সমর্থন করছে তাকে পুরস্কৃত করব, এটা ঠিক নয়। এই দু’মুখো নীতি বন্ধ করতে হবে।”আরও পড়ুন:
পহেলগাঁও হামলার পর অপারেশন সিঁদুর চালায় ভারত। দুই দেশের সংঘাতের মাঝেই পাকিস্তানকে ৮৫০০ কোটি টাকার ঋণ মঞ্জুর করেছিল আন্তর্জাতিক আর্থিক তহবিল বা আইএমএফ। শুধু তাই নয়, পাকিস্তানকে আর্থিক অনুদান দিয়ে সাহায্য করে আরও এক আন্তর্জাতিক সংগঠন এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক (ADB)। ভারতের আপত্তি উড়িয়ে পাকিস্তানকে ৮০ কোটি ডলার বা ৬ হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয় ভারত। জি-৭ বৈঠকে সেই ইস্যুতেই নাম না করে তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।