নয়াদিল্লি: একটি খোলা চিঠিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের পড়ুয়া এবং অনুষদ সদস্যদের একটি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশে ঘৃণাত্মক বক্তৃতা এবং বর্ণ-ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে কথা বলার জন্য অনুরোধ জানিয়েছে৷ চিঠিতে স্বাক্ষরকারীরা বলেছেন যে এই বিষয়ে প্রধানমন্ত্রীর নীরবতা ঘৃণা-ভরা কণ্ঠকে উৎসাহিত করছে। ছাত্র ও শিক্ষকরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নীরবতা ঘৃণা ভরা কণ্ঠকে উৎসাহিত করছে এবং আমাদের দেশের ঐক্য ও অখণ্ডতাকে হুমকির মুখে ফেলছে। আমরা আপনাকে অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদেরকে বিভক্ত করতে চায় এমন শক্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়ান৷ চিঠিটি সাম্প্রতিক হরিদ্বার ধর্ম সংসদ ইভেন্টের প্রেক্ষিতে সামনে এসেছে যেখানে কিছু হিন্দু ধর্মীয় নেতা লোকদেরকে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে এবং গণহত্যার আহ্বান জানিয়েছিলেন।
চিঠিতে বলা হয়েছে, ধর্ম-বর্ণ পরিচয়ের ভিত্তিতে সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণ্য বক্তৃতা এবং সহিংসতার আহ্বান গ্রহণযোগ্য নয়।আরও পড়ুন:
ওই চিঠিতে স্বাক্ষরকারীরা বলেন, যদিও ভারতীয় সংবিধান মর্যাদার সঙ্গে নিজের ধর্ম পালনের অধিকার দিয়েছে, তবুও দেশে ধর্ম নিয়ে ভয়ের অনুভূতি রয়েছে। আমাদের দেশে এখন ভয় ছড়িয়ে পড়েছে৷ সাম্প্রতিক দিনগুলিতে গীর্জা সহ উপাসনালয়গুলি ভাঙচুর করা হচ্ছে এবং আমাদের মুসলিম ভাই ও বোনদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ সবই নির্ভীক ভাবে তারা করছে৷ আর এ প্রসঙ্গেই পড়ুয়া ও অধ্যাপকরা মোদিকে নীরবতা ভঙ্গ করে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুরোধ করেন৷ চিঠিতে ১৮৩ জন স্বাক্ষরকারী স্বাক্ষর করেছেন৷ যার মধ্যে আইআইএম-আহমেদাবাদ এবং আইআইএম-ব্যাঙ্গালোরের অনুষদ সদস্য ও পড়ুয়ারা রয়েছেন।