পুবের কলম ওয়েব ডেস্কঃ পাইপ লাইনের মাধ্যমে বাড়িতে বাড়িতে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র সরকার। তবে পাইপ লাইনে যেমন সুবিধা আছে তেমনি সমস্যাও আছে। বিশেষ করে চাকরির জন্য যাদের বদলি হতে হয়, ভাড়াটিয়া অথবা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অনেকটাই সমস্যার। যখন বসবাসের জায়গা বদল করেন সেক্ষেত্রে রান্নার গ্যাস নিয়ে সমস্যায় পড়তে হয়। সেই সমস্যার সমাধানে এবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার।

 

সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাড়িতে পাইপলাইনের গ্যাস নেওয়ার পর যারা পুরোনো এলপিজি সিলিন্ডার কানেকশন জমা দিয়েছেন, তারা ভবিষ্যতে প্রয়োজন পড়লেই কানেকশন পাবেন। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস সংশোধনী আদেশ, ২০২৬ পাস করা হয়েছে। এরফলে গ্রাহকরা উপকৃত হবেন। আর জায়গা স্থানান্তর করা গ্রাহকরা সহজেই পুরোন কানেকশন ফিরে পাবেন। 

কীভাবে ফিরে পাওয়া যাবে পুরনো সিলিন্ডার?

 

মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, পাইপ লাইনের গ্যাস পাওয়ার পর গ্রাহক পুরনো এলপিজি কানেকশন সারেন্ডার করতে পারবেন। আর সেটা করা যাবে ৬০ দিনের মধ্যে। সেই সময় গ্রাহকরা ট্রান্সফার ভাউচার নিয়ে রাখতে পারবেন। সেই ভাউচার দেখিয়ে আবার পুরনো কানেকশন ফিরে পাবেন গ্রাহকরা। উল্লেখ্য, আগে কেন্দ্রের নিয়ম ছিল পাইপ লাইন গ্যাস নিলে এলপিজি সারেন্ডার করতে হবে সেই মতো প্রায় ৫৯,৮০০ জন গ্রাহক সিলিন্ডার জমা করেছিলেন।

উল্লেখ্য, মধ্য প্রাচ্যে সাঙ্ঘাতের পরিস্থিতিতে ব্যাপক জ্বালানী সংকট দেখা দিয়েছে বিশ্বজুড়ে। ভারতেও এই সমস্যা দেখা দিয়েছে। ফলস্বরুপ গ্যাস বুকিংয়ের ব্যবধান শহরের ক্ষেত্রে ২৫ দিন ও ৪৫ দিন করা হয়েছে।  পাশাপাশি জোর দেওয়া হচ্ছে পাইপ লাইনের ওপর। জানা যাচ্ছে, গত বছরের মার্চ থেকে প্রায় ৮ লক্ষ নতুন সংযোগ নেওয়া হচ্ছে। আর এবার এই নিয়মে উপকৃত হবেন গ্রাহকরা।