পুবের কলম ওয়েবডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ফের শনাক্ত হয়েছে প্রাণঘাতী ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’ পরজীবীর সংক্রমণ। কয়েকদিনের ব্যবধানে এটি দ্বিতীয় ঘটনা হওয়ায় গবাদিপশু খামারিদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ জানিয়েছে, জাভালা কাউন্টির একটি খামারে এক মাস বয়সী বাছুরের শরীরে পরজীবীটির উপস্থিতি পাওয়া গেছে। ঘটনার পর আশপাশের এলাকা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালানো হচ্ছে।

স্ক্রুওয়ার্ম এক ধরনের পরজীবী মাছি, যা প্রাণীর ক্ষতস্থানে ডিম পাড়ে। পরে সেখান থেকে বের হওয়া লার্ভা জীবন্ত টিস্যু খেতে শুরু করে। দ্রুত চিকিৎসা না হলে আক্রান্ত প্রাণীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, গত এক বছরে মেক্সিকো সীমান্ত এলাকা থেকে উত্তরমুখী বিস্তারের কারণে এই পরজীবী নিয়ে আগেই সতর্কতা জারি করা হয়েছিল।

নতুন সংক্রমণ সেই আশঙ্কাকেই আরও জোরালো করেছে। টেক্সাস যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ গবাদিপশু উৎপাদনকারী অঞ্চল। ফলে সংক্রমণ ছড়িয়ে পড়লে খামার শিল্পে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি বন্ধ্যা মাছি ছেড়ে পরজীবীর বংশবিস্তার রোধ, ফাঁদ স্থাপন এবং পশু পর্যবেক্ষণ কর্মসূচিও জোরদার করা হয়েছে।