পুবের কলম ওয়েবডেস্ক :
আরও পড়ুন:
নদিয়া জেলার কোন বিধায়কই পূর্ণাঙ্গ মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে রাজ্য মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় বিজেপি কর্মীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। পাশাপাশি ভোট-পরবর্তী হিংসা ও অভ্যন্তরীণ কোন্দল এই হতাশা ও ক্ষোভকে আরও বহুগুণ বাড়িয়ে তুলেছে। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভায় নদিয়া জেলা থেকে কোন মন্ত্রী না থাকায় জেলার সামগ্রিক উন্নয়ন ও প্রশাসনিক কাজের ক্ষেত্রে অবহেলার শিকার হতে পারেন বলে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা মনে করছেন। কারণ এবার বিধানসভা ভোটে বিজেপি জেলায় যথেষ্ট ভালো ফল করেছে। তারপর একাধিক বিধায়ক আছেন যারা অভিজ্ঞ।
ফলে জেলার বিজেপি নেতাকর্মীদের মধ্যে মন্ত্রীত্ব নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল। সেইমতো সম্ভাব্য মন্ত্রী হিসেবে জেলায় একাধিক বিধায়কের নাম জেলা বিজেপির অন্দরে ঘোরাফেরা করতে থাকে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল নদিয়া জেলাকে পুরোপুরি বঞ্চিত করে মন্ত্রিসভা গঠন করল বিজেপি। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক দল সরকার গঠন করেছে সকলেই তাদের মন্ত্রিসভায় নদিয়াকে ঠাঁই দিয়েছেন। অনেকেই মন্ত্রী হিসেবে অত্যন্ত দাপট দেখিয়েছেন। অনেককেই রীতিমতো সফল মন্ত্রী হিসেবে মনে করা হয়। সেই দীর্ঘ তালিকায় যেমন আছেন কংগ্রেসের স্মরজিৎ বন্দ্যোপাধ্যায়, ফজলুর রহমান, আনন্দমোহন বিশ্বাস, কাশীকান্ত মৈত্র থেকে শুরু করে অমৃতেন্দু মুখোপাধ্যায়, কমলেন্দু স্যান্যাল, নয়ন সরকার, বিনয় কৃষ্ণ বিশ্বাস, বঙ্কিম ঘোষেরা। তেমনি তৃণমূলের ১৫ বছরের রাজত্বকালে পুন্ডরীকাক্ষ সাহা থেকে শুরু করে রত্না ঘোষ, উজ্জ্বল বিশ্বাস প্রমুখরা।কিন্তু এই প্রথম বিজেপির মন্ত্রিসভায় ঠাঁই হল না নদিয়ার।
এবারে বিজেপি সরকার গঠনের আগে দক্ষিণ নদিয়া থেকে অন্তত দুজন বিধায়কের নাম সম্ভাব্য মন্ত্রী হিসেবে রাজনৈতিক মহলে ঘুরে বেড়াচ্ছিল।এর মধ্যে অন্যতম চাকদহের বিধায়ক বঙ্কিম ঘো। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার অধিকারী বঙ্কিম হরিণঘাটার বিধায়ক ছিলেন দুবার। গ্রাম ও উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্বও সামলেছেন। অন্যদিকে রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের নামও আলোচনায় ছিল। প্রায় ২৫ বছর রানাঘাট পুরসভার প্রধান হিসেবে প্রশাসনিক অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি তিনি তৃণমূলের টিকিটে একবার এবং বিজেপির টিকিটের ২ বার বিধায়ক নির্বাচিত হয়েছেন।
রাজনৈতিক মহলের মতে, নদিয়া থেকে কোন মন্ত্রী না হাওয়াই দলীয় কর্মী ও নেতাদের মধ্যে হতাশা তৈরি হতে পারে।
এক সূত্রে জানা গেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পার্থসারথি চট্টোপাধ্যায়কে মন্ত্রী করার প্রস্তাব দিয়েছিলেন দলীয় নেতৃত্বকে। কিন্তু সেই প্রস্তাব খুব বেশি দূর অগ্রসর হয়নি বলেই জানা গেছে। আগামী ভবিষ্যতে হয়তো তাকে প্রতিমন্ত্রী করা হতে পারে।