মুম্বাই, ২৮ নভেম্বর: দক্ষিণী অভিনেতাকে তলব করল সিবিআই। সেন্সর বোর্ডের দুর্নীতি সংক্রান্ত তদন্তে তলব করা হয়েছে অভিনেতা বিশালকে। তদন্তে সহযোগিতা করতে সিবিআই অফিসে যাওয়ার কথাও নিজেই জানিয়েছেন দক্ষিণী স্টার।

সূত্রে জানা গিয়েছে, বিশাল অভিনীত তামিল ভাষার 'মার্ক অ্যান্টনির' মুভিটি হিন্দি সংস্করণের জন্য আবেদন করা হয়েছিল।

হিন্দি সংস্করণে ছাড়পত্রের জন্য সাড়ে ৬ লক্ষ টাকা ঘুষ দাবি করে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বলে অভিযোগ অভিনেতার। তাঁর এই অভিযোগের পরই নড়ে বসে কেন্দ্র। এক বিবৃতিতে কেন্দ্রীয় সরকার বলেছে, "অভিনেতা বিশাল সিবিএফসি-এর বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ করেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কেন্দ্রীয় সরকার দুর্নীতি দমনে 'জিরো টলারেন্স' নীতি নিয়ে চলে।
তবে অভিনেতার অভিযোগ খতিয়ে দেখা হবে এবং প্রায়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে তদন্তের জন্য এক আধিকারিক নিয়োগ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সবাইকে তদন্তে সহযোগিতা করার কথাও বলেছে মন্ত্রক।

মঙ্গলবার অভিনেতা বিশাল 'এক্স'-এ লিখেছেন, 'সেন্সর বোর্ডের দুর্নীতির তদন্তের বিষয়ে অংশ নিতে মুম্বাইয়ের সিবিআই অফিসে যাচ্ছি। কখনো ভাবিনি আমি আমার জীবনেও এই অফিসে যাব।' তাঁর এই পোস্টের পরই এক অনুরাগী লেখেন, "আপনার সাহস আছে।"