পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটের প্রচারে আগামী ২৮ মে কলকাতায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই দিন কলকাতা উত্তর কেন্দ্রে মোদির রোড শো করার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মিছিল করতে পারেন ওই কেন্দ্রে। ভোটের আবহে কলকাতার একাংশজুড়ে জারি হল ১৪৪ ধারা। টানা দুমাস ধরে এই নির্দেশ জারি থাকবে।

তবে পুলিশ কমিশনার যে এলাকায় ১৪৪ ধারা জারি করার নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী দু’জনেরই রোড-শো বা পদযাত্রা ওই অংশ দিয়ে যাওয়ার কথা নয়। তাদের জন্য অন্য রুট নির্দিষ্ট আছে। পুলিশের বক্তব্য, এই ১৪৪ ধারা জারি একটি রুটিন। কলকাতা পুলিশের তরফে কমিশনার বিনীত গোয়েল একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, আগামী ২৮শে মে থেকে ২৬শে জুলাই পর্যন্ত কলকাতার ওই নির্দিষ্ট এলাকাগুলিতে ১৪৪ ধারা জারি করা থাকবে।