পুবের কলম, ওয়েবডেস্কঃ অবশেষে দীর্ঘ প্রতীক্ষা অবসান শেষে পাহাড়ে এই প্রথম চালু হল হিল ইউ্নিভার্সিটি (Hill University)। অবশ্যই পাহাড়বাসীর জন্য সুখবর। হিমালয়ের কোলে এবার উচ্চ শিক্ষার দুয়ার খুলে গেল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে পাহাড়বাসী।
আরও পড়ুন:
উল্লেখ্য, ২০১৮ সালের সেপ্টেম্বরে মংপুর যোগীঘাটে দার্জিলিং হিল ইউনিভার্সিটির শিলান্যাস হয়।
সেখানে এখনও নির্মাণকাজ চলছে। মংপু ITI এর নতুন ভবনে অস্থায়ী ভাবে পথচলা শুরু করল পাহাড়ের একমাত্র বিশ্ববিদ্যালয়। এতদিন উচ্চ শিক্ষার জন্য পাহাড়বাসীকে অন্যত্র ছুটতে হত। এবার মিটল সেই সমস্যা।আরও পড়ুন:
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যই দার্জিলিং হিল ইউনিভার্সিটির দায়িত্ব সামলাবেন।
ইংরেজি, নেপালি, ভূগোল, ইতিহাস, মাস কমিউনিকেশন, গণিত আপাতত এই ৬টি বিষয় পড়ার সুযোগ পাবে শিক্ষার্থীরা। বুধবার দার্জিলিং হিল ইউনিভার্সিটির নতুন ওয়েবসাইট চালু হবে। ওই ওয়েবসাইটের মাধ্যমে বুধবার থেকে অনলাইনে শুরু হবে ভর্তি প্রক্রিয়া। প্রথম ৬ মাস অনলাইনে চলবে পঠন পাঠন।আরও পড়ুন:
উল্লেখ্য, পাহাড়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় তৈরির জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল মোর্চা।
জিটিএ চুক্তি অনুসারে পাহাড়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হওয়ার কথা। কেন্দ্রীয় সরকার সাড়া না-দেওয়ায় ২০১৭ সালে রাজ্য সরকার মংপুতে বিশ্ববিদ্যালয় তৈরির কথা ঘোষণা করে। মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ে এক অনুষ্ঠানে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের শিলান্যাসও করেন। প্রথমে রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়ের নাম ঠিক করেছিল গ্রিনফিল্ড হিল ইউনিভার্সিটি। পরে মোর্চার আপত্তিতে নাম বদলে দার্জিলিং হিল ইউনিভার্সিটি হয়।