পুবের কলম ওয়েব ডেক্স: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপে সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরফলে একজনের মৃত্যু হয়েছে কিনা জানা গেছে। কম্পনের জেরে ফিলিপাইন ছাড়াও জাপান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার উপকূলীয় এলাকাগুলিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন:
স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিট নাগাদ ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা নিয়ে বিভিন্ন সংস্থার তথ্যের মধ্যে কিছু পার্থক্য রয়েছে।
জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) কম্পনের মাত্রা ৮.২ বলে জানিয়েছে, যা ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়েছিল। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মাত্রা ৭.৮ হিসেবে উল্লেখ করেছে।আরও পড়ুন:
মূল ভূমিকম্পের পর দীর্ঘ সময় ধরে একাধিক কম্পন অনুভূত হয়। ফিলিপাইনের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ফিভলকস জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিন্দানাওয়ের জেনারেল সান্তোস সিটি। সেখানে একটি তিনতলা ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভবনটি মুহূর্তের মধ্যে ভেঙে পড়তে দেখা গেছে।
এছাড়া বিভিন্ন স্থাপনার কাচ ভেঙে যাওয়া ও ছাদের অংশ ধসে পড়ার খবরও মিলেছে।আরও পড়ুন:
স্থানীয় পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, জেনারেল সান্তোস সিটিতে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও চারজন। তবে উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন:
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দেশের সব জরুরি সেবা ও উদ্ধারকারী সংস্থাকে তাৎক্ষণিকভাবে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের জীবনই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের আশঙ্কা, এই ভূমিকম্পের ফলে ফিলিপাইনের কিছু উপকূলে তিন মিটার পর্যন্ত উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে। এছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কয়েকটি অঞ্চলেও এক মিটার পর্যন্ত ঢেউ পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে ফিলিপাইনের সুলতান কুদরাত ও সারাঙ্গানি প্রদেশে প্রায় এক মিটার উচ্চতার ঢেউ পর্যবেক্ষণ করা হয়েছে।
আরও পড়ুন:
অন্যদিকে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উত্তর সুলাওয়েসি, গোরোন্তালো এবং সাঙ্গিহে দ্বীপপুঞ্জের বাসিন্দাদের দ্রুত নিরাপদ এলাকায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। জাপানের আবহাওয়া সংস্থাও ওকিনাওয়াসহ দক্ষিণাঞ্চলীয় উপকূলের জন্য সুনামি সতর্কতা জারি করেছে। একই ধরনের সতর্কতা দিয়েছে মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ, বিশেষ করে সাবাহ রাজ্যের উপকূলীয় এলাকাগুলোর জন্য।
আরও পড়ুন:
বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর একটি প্যাসিফিক রিং অব ফায়ার-এর মধ্যে অবস্থিত হওয়ায় ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় নিয়মিত শক্তিশালী ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। গত বছরের অক্টোবরেও মিন্দানাও অঞ্চলে পরপর দুটি বড় ভূমিকম্পে অন্তত আটজনের প্রাণহানি হয়েছিল।