পুবের কলম, ওয়েবডেস্ক: সাধারণ ও মধ্যবিত্ত মানুষের রান্নাঘরের বাজেটে বড়সড় টান পড়তে চলেছে। কেন্দ্র সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প 'প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা'-র আওতায় দরিদ্র পরিবারগুলিকে দেওয়া বার্ষিক ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের সংখ্যা এক ধাক্কায় কমিয়ে মাত্র ৪টি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সোমবার পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক এই তথ্য নিশ্চিত করেছেন। 

সরকারের দাবি, উজ্জ্বলা গ্রাহকদের গড় বার্ষিক ব্যবহারের পরিমাণের সাথে সামঞ্জস্য রেখেই এই কোটা কমানো হয়েছে।

২০১৬ সালের মে মাসে চালু হওয়া এই প্রকল্পে শুরুতে দরিদ্র পরিবারের মহিলাদের বছরে ১২টি ভর্তুকিযুক্ত সিলিন্ডার দেওয়া হতো। গত বছর তা কমিয়ে ৯টি করা হয়েছিল এবং এবার তা আরও কমিয়ে বছরে মাত্র ৪টিতে নামিয়ে আনা হলো।

মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রবীণ মাল খনুজা এক সাংবাদিক বৈঠকে জানান, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম আকাশছোঁয়া হওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। গত তিন মাসে দুই দফায় মোট ৮৯ টাকা বৃদ্ধির পর, গত ৭ জুন থেকে দিল্লিতে একটি ১৪.২ কেজি সিলিন্ডারের খুচরো দাম দাঁড়িয়েছে ৯৪২ টাকা।

উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা সিলিন্ডার পিছু ৩০০ টাকা ভর্তুকি পান, ফলে তাঁদের পকেট থেকে দিতে হচ্ছে ৬৪২ টাকা। 

অতিরিক্ত সচিব বলেন, "একটি সিলিন্ডার সরবরাহ করতে সরকারের খরচ হচ্ছে প্রায় ১,৬০০ টাকা। ফলে ৩০০ টাকা ভর্তুকির পরও তেল সংস্থাগুলি সিলিন্ডার পিছু প্রায় ৭00 টাকা লোকসান বা ক্ষতি বহন করছে।" তিনি আরও বলেন, গত ৭ জুন যে ২৯ টাকা দাম বাড়ানো হয়েছে, তা হিসাব করলে পরিবার পিছু দৈনিক মাত্র ২০ পয়সা খরচ বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও ভারত বিশ্বের অন্যতম কম দামে রান্নার গ্যাস সরবরাহ করছে।