পুবের কলম, ওয়েবডেস্ক: চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। চিকিৎসকদের গাফিলতিতে সন্তান প্রসবের সময় বুড়ো আঙুল কেটে গেল সদ্যজাত শিশুকন্যার। চিকিৎসকদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন প্রসূতির পরিবার। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার একটি সরকারি হাসপাতালে। অভিযোগ, চিকিৎসকদের গাফিলতির জন্য সদ্যজাত শিশুটির আঙুল কাটে।

আহত শিশুকে চিকিৎসার কথা বললে দুর্ব্যবহার করা হয়। পরে কাটা অংশে শুধুমাত্র একটি ব্যান্ডেজ করে ছেড়ে দেওয়া হয়। তারপরই বাড়ি চলে যেতে বলা হয়।

জানা গিয়েছে, আঙুলের ক্ষত না সারায় পরিবারের সদস্যরা শিশুটিকে আবার হাসপাতালে নিয়ে আসে। সদ্যজাতের বাবা বলেন, শিশুর চিকিৎসার কথা বললে তারা দুর্ব্যবহার করে। হাসপাতাল কর্তৃপক্ষ ধাক্কা দিয়ে বের করে দেয়। পশুদের এর চেয়ে ভালো চিকিৎসা করা হয় বলেও ক্ষোভ প্রকাশ করেন। চিকিৎসা অবহেলার ঘটনা রোধে সরকারের উচিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বলেও জানান সদ্যজাতর পরিবার।