পারিজাত মোল্লা: বুধবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দ্বিতীয়বারের মত হলফনামা দিলেন জেল হেফাজতে থাকা মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। তারপর মানিকের মেয়ে বাবার হয়ে হলফনামা জমা দেন। তবে সেই হলফনামা গ্রহণ করেনি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় এবার কলকাতা হাইকোর্টে হাজির হলেন ধৃত মানিক ভট্টাচার্য।
আরও পড়ুন:

গত ২০১৪ সালে প্রাথমিক পর্ষদ সভাপতি থাকাকালীন ওএমআর শিট সংক্রান্ত একটি মামলায় মানিককে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়।ওই হলফনামা জমা দিতেই মানিককে এদিন প্রেসিডেন্সি জেল থেকে আদালতে নিয়ে আসা হয়েছিল।এই মামলায় গত মঙ্গলবার আদালতে মানিকের হয়ে হলফনামা দিতে এসেছিলেন তাঁর মেয়ে স্বাতী ভট্টাচার্য।
আরও পড়ুন:
বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় সেই হলফনামা খারিজ করে জানিয়ে দিয়েছিলেন, 'মানিককেই সশরীরে আদালতে এসে জমা দিতে হবে হলফনামা'। এরপরই বুধবার আদালতে হাজির হন মানিক।
২০১৪ সালের প্রাথমিক নিয়োগের ওএমআর শিট নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সময় পর্ষদ সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য। ওই মামলাতে আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। সেই সময় পর্ষদকে ভৎসনা করে আদালতে বিচারপতির পর্যবেক্ষণ ছিল, ‘অপরাধমূলক উদ্দেশ্য নিয়েই উত্তরপত্রগুলো নষ্ট করা হয়েছিল। বাছাই করা সংস্থাকে দেওয়া হয়েছিল নষ্ট করার বরাত’। ওই মামলাতেই মানিক ভট্টাচার্যকে আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।সেইমতন এদিন কলকাতা হাইকোর্টে সশরীর এসে হলফনামা জমা দিলেন জেল হেফাজতে থাকা মানিক ভট্টাচার্য।