পুবের কলম ওয়েব ডেস্ক: আমারও ডিপফেক তৈরি করা হয়েছিল। একটি ভিডিয়োতে দেখছি, আমি গরবা নাচ করছি। অথচ আমি ছোট থেকেই গরবা খেলিনি।শুক্রবার দিল্লিতে বিজেপির হেডকোয়ার্টারে সাংবাদিকদের বললেন প্রধানমন্ত্রী। সেখানে দিওয়ালি মিলন অনুষ্টানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

এদিন সকলকে ডিপ ফেক নিয়ে সতর্ক করেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, এই বিষয়ে দেশের সাধারণ মানুষকে সচেতন করার দায়িত্ব নিতে হবে মিডিয়াকে।এছাড়া এআই নির্মাণ করছে যেসব সংস্থারা, তাদেরকেও ডিপফেকের অপব্যবহার সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি দক্ষিণী অভিনেত্রী রশ্মীকা মান্ধানার ডিপফেক ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে হৈ চৈ শুরু হয়। পুলিশি পদক্ষেপও নেওয়া হয়।

প্রধানমন্ত্রী শুক্রবার বলেন, ডিপফেক সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের ক্ষেত্রে নাগরিকদের সচেতন থাকার পরামর্শ দেন তিনি।সম্প্রতি রশ্মীকা ছাড়াও কাজল, ক্যাটরিনার মতো বেশ কয়েকজন অভিনেত্রী ডিপফেকের শিকার হয়েছেন।নির্বাচনের সময়ও ডিপফেক ভিডিয়ো ছড়িয়ে পড়ছে। যার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে গোটা নির্বাচন ব্যবস্থা।